কয়লাকে টপকে বিদ্যুতের বড় উৎস এখন নবায়নযোগ্য জ্বালানি
Bonik Barta
প্রথমবারের মতো ২০২৫ সালে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস হিসেবে কয়লাকে পেছনে ফেলেছে নবায়নযোগ্য জ্বালানি। দীর্ঘদিনের প্রথা ভেঙে এ পরিবর্তন বৈশ্বিক জ্বালানি খাতের এক বড় রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। বিশ্বখ্যাত এনার্জি থিংকট্যাংক এমবারের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে উৎপাদিত বিদ্যুতের এক-তৃতীয়াংশের বেশি এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুতের অংশ কমে মোট উৎপাদনের এক-তৃতীয়াংশের নিচে নেমে এসেছে। খবর কার্বন ক্রেডিটস। প্রতিবেদনে বলা হয়েছে, এটি কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের একটি শক্তিশালী পদক্ষেপ। নবায়নযোগ্য শক্তির এ সাফল্যের মূল কারিগর সৌর ও বায়ু শক্তি। ২০২৫ সালে বিশ্বজুড়ে বিদ্যুতের যে নতুন চাহিদা তৈরি হয়েছে, তার প্রায় ৯৯ শতাংশই পূরণ করেছে এ দুই উৎস। অর্থাৎ, বিদ্যুতের ব্যবহার বাড়লেও এর জন্য আর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করতে হয়নি।
হিলিতে পেঁয়াজের দাম কমেছে ৫-১০ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গতকাল হিলি বাজারে সরজমিনে দেখা গেছে, বর্তমানে বাজারের প্রতিটি দোকানে নতুন ‘হালি’ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ টাকা। তবে বাজারের কোনো দোকানেই এখন আর পুরনো ‘মুড়িকাটা’ পেঁয়াজ দেখা যাচ্ছে না। বিক্রেতারা জানান, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল, ফলে গত সপ্তাহে দাম কিছুটা বেড়েছিল। তবে বর্তমানে নাটোর, রাজশাহী ও পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হালি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব এলাকা থেকে নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ এখন আগের চেয়ে অনেক বেশি।
ভারতে স্বর্ণের প্রিমিয়াম ১০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে
Bonik Barta
সরবরাহ সংকটে ভারতে স্বর্ণের প্রিমিয়াম (সংযোজিত মূল্য) আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আমদানির ক্ষেত্রে সরকারি জটিলতা এবং অভ্যন্তরীণ কর নিয়ে অনিশ্চয়তার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে শীর্ষ ভোক্তা দেশ চীনেও স্বর্ণের চাহিদা বাড়ায় মূল্যবান এ ধাতুর বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স। বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে ভারত সরকার স্বর্ণ ও রুপা আমদানির একটি প্রয়োজনীয় অনুমতিপত্র দিতে দেরি করে। ফলে কয়েক টন স্বর্ণ কাস্টমসে আটকে যায় এবং ব্যাংকগুলো নতুন করে আমদানি বন্ধ করতে বাধ্য হয়। যদিও পরে সরকার সে অনুমতিপত্র ইস্যু করেছে, কিন্তু কর-সংক্রান্ত অস্পষ্টতার কারণে অনেক ব্যাংক এখনো স্বর্ণ আমদানি শুরু করতে পারছে না। ফলে বাজারে সরবরাহের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমতে পারে ২ শতাংশ
Prothom-Alo
বর্তমান বিপণন মৌসুমে বিশ্বে খাদ্যশস্যের মোট উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছলেও আগামী ২০২৬-২৭ মৌসুমে তা ২ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল বা আন্তর্জাতিক শস্য পরিষদের (আইজিসি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত সারের আকাশচুম্বী দাম ও পর্যাপ্ত সরবরাহের অনিশ্চয়তা এবং চাষাবাদ নিয়ে কৃষকদের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে প্রধান প্রধান ফসলের ওপর এ নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংস্থাটি। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম। আইজিসির ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ মৌসুমে গম ও ভুট্টাসহ প্রধান শস্যগুলোর উৎপাদন গত বছরের তুলনায় ৬ শতাংশ বাড়বে। এতে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২৪৭ কোটি ৪০ লাখ টনে। এর মধ্যে গমের পরিমাণ ৮৪ কোটি ৫০ লাখ টনে পৌঁছতে পারে, যা আগের মৌসুমের চেয়ে ৫ শতাংশ বেশি। অন্যদিকে ভুট্টার উৎপাদন প্রায় ৭ শতাংশ বেড়ে ১৩২ কোটি ৪০ লাখ টনের নতুন রেকর্ড স্পর্শ করতে পারে।
এক বছরে ২ হাজার ৭২০ কোটি টাকার রেমিট্যান্স বিতরণ
Bonik Barta
বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং। ২০২৫ সালে এ চ্যানেলের মাধ্যমে ব্যাংকটি সারা দেশে ২ হাজার ৭২০ কোটি টাকার প্রবাসী আয় বিতরণ করেছে, যা আগের বছরের তুলনায় ঠিক দ্বিগুণ। গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আনুষ্ঠানিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার এ উদ্যোগ দেশের রেমিট্যান্স ব্যবস্থাপনায় এনেছে আমূল পরিবর্তন। ব্র্যাক ব্যাংক পিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। জানা গেছে, দেশে দীর্ঘদিন ধরেই; বিশেষত প্রান্তিক অঞ্চলে রেমিট্যান্সের একটি বড় অংশ অনানুষ্ঠানিক ও অবৈধ চ্যানেলে প্রবাহিত হয়ে আসছিল। ব্যাংকিং সুবিধার অপ্রতুলতা ও দূরত্বের কারণে গ্রামের মানুষ আনুষ্ঠানিক পথে অর্থ গ্রহণে উৎসাহ হারিয়ে ফেলছিলেন। সেই বাস্তবতায় ব্র্যাক ব্যাংক তার দেশব্যাপী ১ হাজার ১২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে এসংকট মোকাবেলায় নেমেছে।
যুক্তরাষ্ট্রে এপ্রিলে ভোক্তা আস্থায় রেকর্ড পতন
Bonik Barta
যুক্তরাষ্ট্রে চলতি মাসে ভোক্তা আস্থা সূচক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইরানের সঙ্গে সংঘাতের আবহে সাময়িক যুদ্ধবিরতি চললেও সাধারণ মানুষের মন থেকে আশঙ্কার মেঘ কাটছে না। মূলত জ্বালানি তেলের উচ্চমূল্য ও নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামই যুক্তরাষ্ট্রের নাগরিকদের আস্থাহীনতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্সিটি অব মিশিগান গত শুক্রবার নিয়মিত মাসিক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে ভোক্তা আস্থা সূচক কমে ৪৯ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ১৯৫২ সালে সূচক গণনা শুরু হওয়ার পর এটিই এ-যাবৎকালের সর্বনিম্ন রিডিং। মার্চে এ সূচকের অবস্থান ছিল ৫৩ দশমিক ৩ পয়েন্টে।
চীনের ৩ রফতানি পণ্যের চাহিদা বাড়ছে বিশ্ববাজারে
Bonik Barta
সিঙ্গাপুরের যেকোনো শপিং মলে ঢুকলেই এখন চোখে পড়বে উজ্জ্বল রঙের ব্র্যান্ডিং আর লম্বা লাইন। চা, খেলনা কিংবা খেলাধুলার সামগ্রীসহ সবখানেই এখন চীনা ব্র্যান্ডগুলোর আধিপত্য। সস্তা পণ্যের তকমা ঝেড়ে এখন বিশ্বমানের নামিদামি ব্র্যান্ড তৈরিতে মন দিয়েছে চীন। দীর্ঘদিন ধরে দেশটি ছিল বিশ্বের ‘কারখানা’। পশ্চিমা দেশগুলোর জন্য সস্তা পণ্য তৈরির জন্য বেশ পরিচিত চীন। কিন্তু সময় বদলেছে। সরবরাহকারী থেকে এখন নিজেরাই বড় ব্র্যান্ড হয়ে উঠেছে। মিনিসো এর একটি বড় উদাহরণ। কোম্পানিটি ডিজনি ও মার্ভেলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে এখন বিশ্বের অর্ধেকের বেশি দেশে ব্যবসা সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানটির মতে, গ্রাহকরা এখন পণ্যটি কোথা থেকে আসছে তার চেয়ে কেনাকাটার অভিজ্ঞতা ও পণ্যের মানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। পশ্চিমা দেশগুলোয় যাওয়ার আগে চীনা কোম্পানিগুলো দক্ষিণ-পূর্ব এশিয়াকে পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। এখানকার ৬৫ কোটির বেশি তরুণ ও সচ্ছল গ্রাহক চীনা ব্র্যান্ডগুলোর জন্য বড় সুযোগ তৈরি করেছে। হায়দিলাও ২০১২ সালে সিঙ্গাপুরে প্রথম শাখা খোলার পর এটি এখন বিশ্বের বৃহত্তম হটপট চেইন। বর্তমানে ১৪টি দেশে ১ হাজার ৩০০টিরও বেশি রেস্তোরাঁ রয়েছে তাদের। অন্যদিকে আইসক্রিম ও বাবলটির ব্র্যান্ড মিশুর এখন ম্যাকডোনাল্ডস বা স্টারবাকসের চেয়েও বেশি দোকান রয়েছে।
দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স
Bonik Barta
নন-ব্যাংক আর্থিক কোম্পানি (এনবিএফসি) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। সর্বশেষ সমাপ্ত ২০২৫ ও ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি প্রাইম ফাইন্যান্স। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সায়।
ব্লক মার্কেটে ১৫২ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৫২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০১ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের সবচেয়ে বেশি ২৭ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩৬ টাকা ৩০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২২ কোটি ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬০ টাকা ৬০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১২ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১০১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩ টাকায়।
পোশাক শিল্পে উৎপাদন খরচ প্রায় ২০% বেড়েছে
Bonik Barta
জ্বালানি সংকট, ব্যাংকিং-সংক্রান্ত জটিলতা এবং বিশ্ববাজারে চাহিদা হ্রাসের সম্মিলিত প্রভাবে দেশের পোশাক শিল্পে উৎপাদন খরচ প্রায় ২০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে উৎপাদন সক্ষমতার অর্ধেক ব্যবহার এবং রফতানি ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এ খাতের ব্যবসা পরিস্থিতি ‘খুবই খারাপ’ বলে দাবি করেছেন নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসন্ন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো ২০২৬) উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রাইম ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে ৩০ মিলিয়ন ডলারের টার্ম লোন চুক্তি
Bonik Barta
ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত এ কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং করপোরেট খাতে বাণিজ্য অর্থায়নের সক্ষমতা আরো জোরদার হবে। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে ৩০ মিলিয়ন ডলারের টার্ম লোন সুবিধা দেবে ওপেক ফান্ড। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এ অর্থায়ন ব্যাংকের বাণিজ্য অর্থায়ন পোর্টফোলিওকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের ব্যবসাগুলোকে স্থিতিশীল সহায়তা দেবে।
জনবল সংকট মেটাতে সাবেক কর্মীদের ডাকছে ম্যাকডোনাল্ডস
Bonik Barta
জাপানে জনবল সংকট মেটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস।প্রতিষ্ঠানটি সাবেক কর্মীদের আবার কাজে ফেরার সুযোগ করে দিচ্ছে। এ ব্যবস্থায় কর্মীদের কোনো জীবনবৃত্তান্তও জমা দিতে হবে না। মূলত ছুটির দিনের মতো ব্যস্ত সময় বাড়তি কর্মীর চাহিদা মেটাতেই এ সিদ্ধান্ত। ‘কাম ব্যাক! ক্রু’ নামে কর্মসূচিটির আওতায় প্রায় ৩০ লাখ সাবেক কর্মীকে যুক্ত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে কর্মীরা তাদের পছন্দমতো সময়ে, এমনকি মাত্র একদিনের জন্যও কাজ করতে পারবেন। জাপানে এ ধরনের খণ্ডকালীন কাজকে ‘স্পট ওয়ার্ক’ বলা হয়, যা বর্তমানে দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। খবর জাপান টাইমস
দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা
Bonik Barta
দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী গাড়ির বাজার থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জাপানি অটোমোবাইল কোম্পানি হোন্ডা মোটরস। টানা কয়েক বছর ধরে আশানুরূপ বিক্রি না হওয়ায় চলতি বছরের শেষ নাগাদ কোম্পানিটির বাজার থেকে বিদায় নেবে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দুই দশকেরও বেশি সময়ের ব্যবসার ইতি টানছে হোন্ডা। খবর জাপান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি ব্যবসা বন্ধ করলেও হোন্ডা দক্ষিণ কোরিয়ায় মোটরসাইকেল ব্যবসা চালু রাখবে। কোম্পানিটি মনে করছে, এ খাতে এখনো প্রবৃদ্ধির ভালো সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে জনবল ও মূলধন মূলত মোটরসাইকেল খাতের উন্নয়নের পেছনেই ব্যয় করা হবে।
অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
Bonik Barta
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। এবার এ লড়াইয়ে নিজের অবস্থান আরো শক্ত করতে বড় পদক্ষেপ নিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। প্রধান প্রতিদ্বন্দ্বী এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এ ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে দৌড়ে এগিয়ে থাকতে ও অংশীদারত্ব আরো জোরালো করতেই বিশাল অংকের অর্থ ঢালছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে হাইডেলবার্গের মুনাফা কমেছে দ্বিগুণেরও বেশি
Bonik Barta
সিমেন্ট খাতের তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।২০২৫ সালে এর আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে দ্বিগুণেরও বেশি। গতকাল অনুষ্ঠিত সভায় ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গের পর্ষদ। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে হাইডেলবার্গের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সায়।
এশিয়ার সংকটের প্রভাব যুক্তরাষ্ট্রের বাজারে পড়ার আশঙ্কা
Bonik Barta
ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় এশিয়াজুড়ে পণ্যের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এশিয়ার এ সরবরাহ সংকট এখন যুক্তরাষ্ট্রের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এশিয়ার বাজারে পণ্য ও কাঁচামালের যে সংকট শুরু হয়েছে, তার প্রভাব শিগগির যুক্তরাষ্ট্রেও পড়তে পারে। যদিও এখন পর্যন্ত আমেরিকানরা মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে এ সংকটের আঁচ পাচ্ছে, তবে সামনের দিনগুলোয় প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের মতো জরুরি কাঁচামালের অভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চরম সংকট দেখা দিতে পারে। খবর সিএনএন।
বিদ্যুতে ভর্তুকির টাকা ছাড়ে কঠোর শর্ত অর্থ বিভাগের
Bonik Barta
বিদ্যুৎ খাতের ঘাটতি মোকাবেলায় প্রতি মাসে বড় অংকের ভর্তুকি প্রয়োজন হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি)। এ অর্থ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও বিক্রির ঘাটতি মেটায় সংস্থাটি। মার্চেও বেসরকারি বিদ্যুৎ কোম্পানি (আইপিপি) ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল পরিশোধে বিপিডিবিকে ২ হাজার ৬৭ কোটি টাকা ভর্তুকি হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। তবে এবার অর্থছাড়ে তারা বেশকিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে, ভর্তুকির অর্থ ব্যবহারের ক্ষেত্রে আমদানি বিদ্যুতের বিল যেমন পরিশোধ করা যাবে না, তেমনি আইপিপি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের (৯৪টি) বিল ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে অর্থ পরিশোধ করা যাবে না। পাশাপাশি যেসব বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেই, সেগুলোর জন্যও ভর্তুকির অর্থ ব্যবহার করা যাবে না। বিপুল বকেয়া পরিশোধের দায় এবং বিদ্যুতের উৎপাদন ও কেন্দ্রের জ্বালানি ঘাটতির মধ্যে ভর্তুকির টাকা ছাড়ে অর্থ বিভাগের এ ধরনের শর্তারোপ বিদ্যুৎ খাতে সরবরাহ ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে বলে মনে করছেন বিদ্যুৎ বিভাগ ও বিপিডিবির কর্মকর্তারা।
পরিবহন খরচ বাড়ায় কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের মূল্যবৃদ্ধির আশঙ্কা
Bonik Barta
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এখন আর শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নেই; এটি ধীরে ধীরে দেশের খাদ্যশৃঙ্খলে প্রভাব ফেলতে শুরু করেছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বাড়ায় কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম বৃহৎ এ চালের মোকামসংশ্লিষ্টরা জানান, ধান উৎপাদনের পর মাঠ থেকে মোকামে আনা, সেখান থেকে মিল পর্যন্ত পরিবহন, আবার প্রক্রিয়াজাত চাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ—এ সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপেই জ্বালানিনির্ভরতা রয়েছে। ফলে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পুরো চেইনজুড়েই খরচ বেড়েছে।
দেড় বছর পর গতি ফিরছে জাপানি অর্থায়নের মেগা প্রকল্পগুলোয়
Bonik Barta
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে নির্মাণাধীন ঢাকার দুটি নতুন মেট্রোরেল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে দীর্ঘ দেড় বছরের স্থবিরতা কাটতে শুরু করেছে। মেট্রো প্রকল্প দুটির নির্মাণকাজে ঠিকাদার আর থার্ড টার্মিনালে অপারেটর নিয়োগ কার্যক্রম নতুন গতি পেয়েছে বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো। এর মধ্যে মেট্রোরেলের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনালও বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তি হওয়া মাতারবাড়ী বন্দরের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রকল্পগুলোর কাজে গতি পাওয়ার পেছনে রাজনৈতিক পটপরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি —অর্থমন্ত্রী
Bonik Barta
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, টাকা ছাপিয়ে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ ধরনের নীতিতে একদিকে সুদের হার বেড়ে যায়, অন্যদিকে বেসরকারি খাত ‘ক্রাউড আউট’ হয়ে পড়ে, যা কোনোভাবেই টেকসই অর্থনীতির জন্য সহায়ক নয়। অর্থ মন্ত্রণালয়ে গতকাল গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিজেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ঘটবে না: বাণিজ্যমন্ত্রী
Bonik Barta
ডিজেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ঘটবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত ‘বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির হিসাব দেখিয়ে বলেন, ‘একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যার ফলে ডিজেলের মূল্যবৃদ্ধিতে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে প্রায় ৪০-৪৫ পয়সার বেশি খরচ বাড়েনি।’
আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
The Business Standard
আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক. অন্তর্বর্তী সরকারের সময় একীভূত করা পাঁচ ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে আবার বেসরকারিকরণ করা হবে নাকি একীভূত করে জনগণের করের টাকা দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে রি-ক্যাপিটালাইজ করা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে স্টেকহোল্ডাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।