25-Mar-2026

Thursday 26 March 2026

27-Mar-2026

কয়লা উত্তোলন বাড়ানোর পরিকল্পনা ইন্দোনেশিয়ার

Bonik Barta

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কয়লা উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির অর্থনৈতিক বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী আয়েরলাঙ্গা হারতার্তো এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশটির বাজারে জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পর আয়েরলাঙ্গা জানান, প্রেসিডেন্ট কয়লা উত্তোলন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এতে খনি কোম্পানিগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট (আরকেএবি) সংশোধন করা হবে। মূলত এ বাজেট সংশোধনের মাধ্যমেই বাড়তি কয়লা উত্তোলনের পথ সহজ করা হচ্ছে।

এশিয়ার চালের বাজারে স্থবিরতা

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার জেরে আন্তর্জাতিক নৌপথে জাহাজের ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এশিয়ার প্রধান চাল রফতানিকারক দেশগুলোয় বাণিজ্যিক স্থবিরতা দেখা দিয়েছে। ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো বড় রফতানিকারক দেশগুলোয় চালের দাম কমলেও বা স্থিতিশীল থাকলেও জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ক্রেতারা বর্তমানে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছেন। বিশ্ববাজারের এ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে চালের দাম চড়া রয়েছে। দেশে পর্যাপ্ত মজুদ এবং ভালো ফলন হওয়া সত্ত্বেও চালের দাম বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

বাজার অস্থিরতার শঙ্কায় তড়িঘড়ি ঋণ নিচ্ছে ‘ব্লু-চিপ’ কোম্পানিগুলো

Bonik Barta

বিশ্ববাজারের অস্থিরতা ও বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের আর্থিক অবস্থান শক্ত করতে তৎপর হয়ে উঠেছে বিশ্বের শীর্ষস্থানীয় বা ‘ব্লু-চিপ’ কোম্পানিগুলো। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের জেরে বছরের শুরু থেকেই বাজারে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় করপোরেট প্রতিষ্ঠানগুলো আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। ভবিষ্যতে যেন অর্থের সংকটে না পড়তে হয়, তাই অনেক বড় কোম্পানি দ্রুত ঋণ নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। সম্ভাব্য বাজার অস্থিরতা মোকাবেলায় প্রতিষ্ঠানগুলো আগেভাগেই প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে রাখার চেষ্টা করছে। খবর এফটি।

চীনের সঙ্গে রেকর্ড বাণিজ্য ঘাটতির পথে ভারত

Bonik Barta

ভারত ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। চলতি বছরের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরে প্রথমবারের মতো চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে এ ঘাটতির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই এশিয়া। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চীন থেকে ১১৯ দশমিক ৫৬ বিলিয়ন বা ১১ হাজার ৯৫৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে ভারত, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০৩ দশমিক ৭৭ বিলিয়ন বা ১০ হাজার ৩৭৭ কোটি ডলার। এর বিপরীতে এ ১১ মাসে চীনে ১৭ দশমিক ৫৪ বিলিয়ন বা ১ হাজার ৭৫৪ কোটি ডলারের পণ্য রফতানি করতে পেরেছে ভারত। ফলে অর্থবছরের প্রথম ১১ মাসেই বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১০২ দশমিক শূন্য ২ বিলিয়ন বা ১০ হাজার ২০২ কোটি ডলারে, যেখানে গত অর্থবছরে এ ঘাটতি ছিল ৯৯ দশমিক ২১ বিলিয়ন বা ৯ হাজার ৯২১ কোটি ডলার।

ফোর্টনাইটের জনপ্রিয়তা কমায় এপিক গেমসের ১ হাজার কর্মী ছাঁটাই

Bonik Barta

বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘ফোর্টনাইট’-এর নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। প্রতিষ্ঠানটি এক হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করবে। মূলত ফোর্টনাইটের প্রতি খেলোয়াড়দের আগ্রহ বা এনগেজমেন্ট কমে যাওয়ায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছাঁটাইয়ের এ ঘটনাকে বিশ্বজুড়ে গেমিং শিল্পের অস্থিরতা ও অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকে। খবর রয়টার্স। প্রতিষ্ঠানের কর্মীদের কাছে গত মঙ্গলবার পাঠানো এক বার্তায় এপিক গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম সুইনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কোম্পানি আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি করছে। তাই কোম্পানিকে আর্থিকভাবে টিকিয়ে এবং তহবিল সচল রাখতে বড় ধরনের কাটছাঁট ছাড়া আর কোনো পথ নেই। এ ছাঁটাই প্রক্রিয়ার পাশাপাশি বিজ্ঞাপন এবং চুক্তিবদ্ধ কাজের ব্যয় কমিয়ে প্রায় ৫০ কোটি ডলার সাশ্রয় করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এক কোটি লিটার পাম অয়েল ও ৩০ হাজার টন সার কিনবে সরকার

Bonik Barta

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কিনবে সরকার। পাশাপাশি ৩০ হাজার টন ইউরিয়া সার কেনারও অনুমোদন দেয়া হয়েছে। গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া গতকালের বৈঠকে আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গতকালের বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি লিটার পাম অয়েল কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে সেটি অনুমোদন দেয় কমিটি। প্রতি লিটার ১৬৩ টাকা ৪৮ পয়সা হিসেবে এক কোটি লিটার পাম অয়েল কিনতে ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা। শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে।

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শাওমির মুনাফা কমেছে ২৪%

Bonik Barta

নিট মুনাফায় বড় ধরনের পতন ঘটেছে চীনের বেইজিংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির। স্মার্টফোন নির্মাতা থেকে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ব্যবসায় নাম লেখানো কোম্পানিটির ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) নিট মুনাফা ২৪ শতাংশ কমে ৬৩০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৮৩০ কোটি ইউয়ান। তবে এ সময়ে প্রতিষ্ঠানটির আয় ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১ হাজার ৬৯০ কোটি ইউয়ানে পৌঁছেছে। খবর নিক্কেই এশিয়া। শাওমির তথ্যানুযায়ী, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস স্মার্টফোন ও গৃহস্থালি পণ্য খাতে আয় ১৪ শতাংশ কমে ৭ হাজার ৯৭০ কোটি ইউয়ানে নেমেছে। মেমোরি চিপের সংকট ও অ্যাপলের সাশ্রয়ী আইফোনের সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে এ খাতের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে ইভি ব্যবসা গত বছর দ্রুত বাড়লেও সম্প্রতি নকশা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে হোঁচট খেয়েছে কোম্পানিটি।

৪০ বিলিয়ন ডলারের ব্যবসা গড়ার লক্ষ্যে একীভূত হচ্ছে এস্টি লডার ও পুইগ

Bonik Barta

জিন পল গল্টিয়ারে মালিকানাধীন পুইগের সঙ্গে সম্ভাব্য এ একীভূতকরণ সফল হলে ফ্যাশন ও সৌন্দর্য জগতে প্রায় ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারের একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি হবে। এস্টি লডার বর্তমানে ত্বক পরিচর্যা, মেকআপ ও সুগন্ধি তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। কোম্পানির ঝুলিতে রয়েছে ক্লিনিক, ববি ব্রাউন ও টম ফোর্ড বিউটির মতো জনপ্রিয় সব ব্র্যান্ড। অন্যদিকে দুই বছর আগে মাদ্রিদ স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়া পুইগ গ্রুপের অধীনে রয়েছে শার্লট টিলবারি, ক্যারোলিনা হেরেরা ও ড্রিস ভ্যান নোটেনের মতো বিখ্যাত ব্র্যান্ড। উভয় প্রতিষ্ঠানই একীভূত হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনার সত্যতা নিশ্চিত করেছে। তবে নতুন ব্যবসা কাঠামো কেমন হবে, সে সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুইগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তি স্বাক্ষরিত হয়নি। চুক্তি না হওয়া পর্যন্ত লেনদেনের শর্তাবলি বা এটি আদৌ ঘটবে কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বাজার বিশ্লেষকদের মতে, দুই প্রতিষ্ঠানের গ্রাহক পর্যায়ে কিছুটা মিল থাকলেও পণ্যের ধরনে পার্থক্য রয়েছে। এস্টি লডারের মূল নজর ত্বক, মেকআপ ও চুলের পরিচর্যার ওপর। অন্যদিকে পুইগ ডিজাইনার পোশাকের জন্য বেশি পরিচিত। তবে সুগন্ধি বা পারফিউমের বাজারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি স্পষ্ট মিল রয়েছে। এদিকে সম্ভাব্য একীভূতকরণের খবরে মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে গত সোমবার লেনদেনের শেষে এস্টি লডারের শেয়ারদর প্রায় ৮ শতাংশ কমে যায়।

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

Bonik Barta

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৪তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন সভায় আকিজ ফুডের ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফুললি রিডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

পুঁজিবাজা‌রে লেনদেন বেড়েছে প্রায় ২৩ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে প্রায় ২৩ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ৩১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৮৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৭৩ পয়েন্ট।

রাশিয়ায় আলু, আম ও শসা রফতানি বাড়িয়ে সার, বীজ ও কৃষিযন্ত্র আনতে চায় বাংলাদেশ

Bonik Barta

বাংলাদেশ থেকে আলু, আম, শসা ও প্রক্রিয়াজাত খাবার আমদানি বাড়াতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অন্যদিকে, বাংলাদেশে সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়ের মধ্যে এ আলোচনা হয়। সাক্ষাৎকালে কৃষি খাত, খাদ্যনিরাপত্তা, আমদানি-রফতানি বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান। কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে দেশের কৃষি, প্রযুক্তিসহ নানান খাতে রাশিয়া সহযোগিতা করে আসছে। বাংলাদেশে নন-ইউরিয়া সার বিশেষ করে এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।

২৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার

Bonik Barta

চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক শূন্য ৫ বিলিয়ন বা ৩০৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবশেষ গত ২৪ জানুয়ারি দেশে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৩০ লাখ ডলার। রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়তে পারে চলতি মার্চে। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে। সাধারণত ঈদ-রোজার মতো উৎসবকে কেন্দ্র করে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পায়। গত বছর পবিত্র রমজান শুরু হয়েছিল মার্চের দ্বিতীয় দিন; আর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছিল মাসের শেষ দিন তথা ৩১ মার্চ। সে মাসজুড়ে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার। একক মাস হিসেবে সে মাসটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের।

ঈদের ছুটিতে ২৫ লাখ টন কার্গো ও ৫৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং

Bonik Barta

১৭ থেকে ২৩ মার্চ এ সাতদিনে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানীকৃত পণ্যের পরিমাণ ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ টন আর রফতানি পণ্য হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮২৮ টন। ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ টন কার্গো হ্যান্ডলিং করে বন্দর, যা সপ্তাহের সর্বোচ্চ দৈনিক পারফরম্যান্স। একই সময়ে কনটেইনার হ্যান্ডলিংও ছিল উল্লেখযোগ্য। সাতদিনে মোট ৫৪ হাজার ৮৯৮ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনা করা হয়েছে। এর মধ্যে আমদানীকৃত কনটেইনার ২৮ হাজার ৯৬১ টিইইউ এবং রফতানি কনটেইনার ২৫ হাজার ৯৩৭ টিইইউ। এখানেও ১৮ মার্চ ছিল ব্যস্ততম দিন। এদিনে ১১ হাজার ৮৬১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়।

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সিঙ্গাপুর

Bonik Barta

বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (বিএসএফটিএ) দ্রুত সম্পাদনে গভীর আগ্রহ প্রকাশ করে সিঙ্গাপুর। একই সঙ্গে বে টার্মিনাল প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে দেশটি। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) মিচেল লি। সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় উভয় পক্ষ বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ এবং নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগসহ জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সিঙ্গাপুরের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।