১৯৮৩ সালের পর স্বর্ণের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন
Bonik Barta
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১১ শতাংশ কমেছে। ১৯৮৩ সালের পর এটিই মূল্যবান ধাতুটির দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। সিএনএন ও বাজার বিশ্লেষক সংস্থাগুলোর তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১৪ শতাংশের বেশি কমেছে। সাধারণত অনিশ্চয়তা বা মূল্যস্ফীতি বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণ কিনে রাখেন। তবে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সুদহার কমানোর বদলে তা স্থিতিশীল রাখার কথা ভাবছে। সুদহার না কমলে বন্ডের মতো লাভজনক খাতে বিনিয়োগের সুযোগ বাড়ে। এতে স্বর্ণের চাহিদা কমে গিয়ে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
আগামী বছরও থাকতে পারে তিন অংকে জ্বালানি তেলের দাম
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ২০ দিনেরও বেশি সময় ধরে কার্যত বন্ধ থাকায় এ অস্থিরতা তৈরি হয়েছে। তবে এ পরিস্থিতি কেবল সাময়িক নয়, বরং মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা সতর্ক করেছেন যে জ্বালানি তেলের এ চড়া দাম ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। খবর সিএনএন। গোল্ডম্যান স্যাকস বৃহস্পতিবার এক নোটে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাত এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় জ্বালানি তেলের বাজারদর তিন অংকেই আটকে থাকার ঝুঁকি বাড়ছে। যদি এ অচলাবস্থা আরো দীর্ঘ হয়, তবে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২০০৮ সালের রেকর্ড সর্বোচ্চ ১৪৭ ডলারও ছাড়িয়ে যেতে পারে। ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ২০২৭ সালের চতুর্থ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) নাগাদ জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ১১১ ডলারে স্থিতিশীল থাকতে পারে।
চলতি মাসে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল শ্রীলংকা
Bonik Barta
সিলন পেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর মাধ্যমে দেশে তেলের ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারা আশা করছে উচ্চমূল্যের কারণে অপ্রয়োজনীয় তেলের ব্যবহার কমে আসবে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় শ্রীলংকায় আবারো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি, যা জ্বালানি সরবরাহ ও ব্যয়ের ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে। খবর আল জাজিরা। এএফপির তথ্যানুযায়ী, নিয়মিত ব্যবহারের পেট্রলের দাম লিটারপ্রতি ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি নির্ধারণ করা হয়েছে। একই সময়ে গণপরিবহনে বেশি ব্যবহৃত ডিজেলের দাম ৭৯ রুপি বাড়িয়ে লিটারপ্রতি ৩৮২ রুপি করা হয়েছে।
ঈদের ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর: ৫ দিনে ১৮ লাখ টন পণ্য ও ৩৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং
The Business Standard
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতেও সচল ছিল দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটির সময়ে বন্দরটিতে কার্গো, কনটেইনার এবং জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম ছিল অনেকটা স্বাভাবিক। বন্দরের দাপ্তরিক তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এই পাঁচ দিনে চট্টগ্রাম বন্দর মোট ১৮ লাখ ৪২ হাজার ৩১৮ টন কার্গো হ্যান্ডলিং করেছে। এর মধ্যে ১৭ লাখ ৩৯ হাজার ৫৭৫ টন ছিল আমদানি পণ্য এবং ১ লাখ ২ হাজার ৭৪৩ টন ছিল রপ্তানি পণ্য। একই সময়ে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭২৫ টিইইউস। এর মধ্যে আমদানি হয়েছে ১৯ হাজার ২৩৭ টিইইউস এবং রপ্তানি হয়েছে ১৭ হাজার ৪৮৮ টিইইউস। সাধারণত ঈদের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রমে ধীরগতি দেখা গেলেও, এবার বন্দরে টেকসই বাণিজ্যিক প্রবাহ বজায় ছিল।