পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও খুচরায় বাড়ছে সব ধরনের মসলাপণ্যের দাম
Bonik Barta
কোরবানির ঈদের আগে বাজারে চাহিদা বাড়ে মসলাপণ্যের। এ বছর পর্যাপ্ত আমদানি ও দেশীয় উৎপাদনের কারণে সরবরাহ স্বাভাবিক আছে। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজার প্রায় স্থিতিশীল থাকলেও ভোক্তা পর্যায়ে সব ধরনের মসলাপণ্যের দাম বাড়ছে। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, শুকনা মরিচ, রসুন, ধনিয়াসহ কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের মসলার দাম স্থিতিশীল। বরং মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ঊর্ধ্বমুখী হওয়া অনেক আমদানি করা মসলাপণ্যের দাম কমতির দিকে রয়েছে। কিন্তু পাইকারি বাজার থেকে সংগ্রহের পর বিভিন্ন জেলা-উপজেলায় পণ্য পৌঁছাতে পরিবহন খরচ পণ্যের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে। জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বাড়তে থাকলে আগামীতে মসলার দাম আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
দেশে মজুদ গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব
Bonik Barta
দেশে মজুদ গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। লিখিত প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমানে কমবেশি দৈনিক ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের ভিত্তিতে আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।’
এক মাসে দুইবারে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫৯৯ টাকা
Bonik Barta
চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। সে হিসাবে ১২ কেজিতে দাম বাড়ল ২১২ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল নতুন দাম ঘোষণা করেছে। চলতি মাসের শুরুতেও ১২ কেজি সিলিন্ডার এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। আর এবার যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়। এতে চলতি মাসেই সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৫৯৯ টাকা। গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।
যুদ্ধের প্রভাবে মালয়েশিয়ায় সংকুচিত হচ্ছে চাকরির বাজার
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শ্রমনির্ভর দেশ মালয়েশিয়ার চাকরির বাজারে। বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ নীতিমালা পরিবর্তনের ফলে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিদেশী কর্মী নিয়োগেও আগের তুলনায় কঠোরতা বাড়ছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে নতুন কর্মসংস্থানের সুযোগ। এদিকে মালয়েশিয়া সরকার স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে বিদেশী শ্রমিকের সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির ১৪ শতাংশের বেশি বিদেশী হলেও তা ২০৩৫ সালের মধ্যে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফলে কম দক্ষ বিদেশী শ্রমিকদের জন্য সুযোগ আরো সীমিত হয়ে পড়ছে দেশটিতে।
বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা দুর্ভিক্ষের ঝুঁকিতে কোটি মানুষ
Bonik Barta
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের ফলে বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিচ্ছে। সাধারণত মধ্যপ্রাচ্যের যুদ্ধকে জ্বালানি তেলের দামের প্রেক্ষাপটে দেখা হলেও বর্তমান এ যুদ্ধ সরাসরি কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর আঘাত হানছে। ফলে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষ দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়তে যাচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
আয় বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের ফলে বিডি ল্যাম্পসের লোকসান কমেছে
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ লোকসান কমেছে। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। মূলত আয় বাড়ার পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের ফলে লোকসান কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বিডি ল্যাম্পসের আয় হয়েছে ১৫৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন খাতে ব্যয় হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ কোটি ৯১ লাখ টাকা। আয় বাড়ার পাশাপাশি ব্যয় কমার কারণে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৭৪ লাখ টাকা।
যুদ্ধের অর্থনৈতিক আঘাত সবচেয়ে বেশি ভোগাবে দরিদ্র দেশগুলোকে
Bonik Barta
এর মাশুল সবচেয়ে বেশি দিতে হবে স্বল্প আয়ের দেশগুলোকে। সম্প্রতি ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আশঙ্কার কথা বলেন। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, উন্নত দেশগুলো অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়ে আশাবাদী, কিন্তু উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলো এরই মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংকটে পড়েছে। আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা আড়ালে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। ইউরোপের একটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ যুদ্ধকে ‘বৈশ্বিক অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত হতে পারে মোবাইল নেটওয়ার্ক
Bonik Barta
জ্বালানি তেলের সংকটের পাশাপাশি দেশজুড়ে লোডশেডিংও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চলে কোনো কোনো স্থানে দিনে ৮-১০ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ শোনা যাচ্ছে। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় অনেক এলাকায় জেনারেটরও চালানো যাচ্ছে না। জনজীবনের পাশাপাশি এমন পরিস্থিতিতে সংকটে পড়ার কথা জানিয়েছেন দেশের মোবাইল অপারেটররা। পরিস্থিতিকে ‘গুরুতর’ ও ‘ক্রমবর্ধমান’ সংকট বলে অভিহিত করেছে দেশের মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সরকারের হস্তক্ষেপ ছাড়া নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগসেবা বজায় রাখা সম্ভব হবে না বলে মনে করছে সংগঠনটি।
বিশ্বজুড়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইভি বিক্রি কমেছে ৩ শতাংশ
Bonik Barta
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে চাহিদা বাড়লেও বিক্রি কমেছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি)। বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্সের তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বজুড়ে ৪০ লাখ ইভি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। তবে মার্চে কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেছে। গত মাসে বিশ্বব্যাপী ইভির বাজারে বিক্রি হয়েছে ১৭ লাখ ৫০ হাজার গাড়ি, যা ফেব্রুয়ারির তুলনায় ৬৬ এবং গত বছরের মার্চের তুলনায় ৩ শতাংশ বেশি। বর্তমানে বাজারটিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ইউরোপ। গত মার্চে অঞ্চলটিতে প্রথমবারের মতো পাঁচ লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার
Bonik Barta
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে দীর্ঘদিন ধরে আইনি চাপে ছিল টেক জায়ান্ট গুগল। অবশেষে মামলাটি নিষ্পত্তিতে বড় অংকের অর্থ পরিশোধে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। ‘টেইলর বনাম গুগল এলএলসি’ শীর্ষক একটি যৌথ মামলায় গত জানুয়ারিতে গুগল ১৩ কোটি ৫০ লাখ ডলারের একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। খবর সিনেট। কয়েক বছর ধরে গুগলের বিরুদ্ধে অভিযোগ ছিল কোম্পানিটি ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে তথ্য সংগ্রহ বা ‘হার্ভেস্টিং’ করছে। যদিও গুগল আনুষ্ঠানিকভাবে নিজেদের কোনো দোষ স্বীকার করেনি, তবে আইনি জটিলতা এড়াতে তারা এ বিপুল পরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছে। এর আগে ক্যালিফোর্নিয়ায় একই ধরনের একটি মামলায় ৩১ কোটি ৪০ লাখ ডলার দিতে হয়েছিল গুগলকে।
কারণ ছাড়াই বাড়ছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর
Bonik Barta
চামড়া খাতের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ছে। শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত মার্চ থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর ঊর্ধ্বমুখী। গত ৮ মার্চ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫১ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৭৭ টাকা ১০ পয়সায় এসে দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৫০ শতাংশ।
শেয়ার বিক্রির চাপে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে
Bonik Barta
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যে বিদ্যমান যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে ভর্তুকির চাপ কমাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পয়েন্ট হারিয়েছে সূচক। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে এদিন এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৫৭ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে কিছুটা বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৬ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) ও বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
বিশ্ববাজারে রেকর্ড পতন হলেও প্রভাব নেই দেশের বাজারে
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্যতেলের বুকিং দর রেকর্ড পরিমাণ কমলেও দেশের পাইকারি ও খুচরা বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বিশ্ববাজারে এক মাসের ব্যবধানে টনপ্রতি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমলেও দেশীয় আমদানিকারক ও মিল মালিকরা দাম কমানোর ক্ষেত্রে কোনো তৎপরতা দেখাচ্ছেন না। ফলে সাধারণ ভোক্তাদের এখনো বাড়তি দামেই নিত্যপ্রয়োজনীয় এ পণ্য কিনতে হচ্ছে। অপরিশোধিত ভোজ্যতেলের বিভিন্ন আন্তর্জাতিক ট্রেডিং সাইটের তথ্য অনুযায়ী, মালয়েশীয় পাম অয়েলের বুকিং দর গত এক মাসে ৫০০-৬০০ রিঙ্গিত পর্যন্ত কমেছে। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে পাম অয়েলের বুকিং দর রেকর্ড ৪ হাজার ৯০০ রিঙ্গিতে পৌঁছলেও বর্তমানে তা ৪ হাজার ৪৫০ রিঙ্গিতে নেমে এসেছে। একইভাবে বিশ্বব্যাংকের কমোডিটি পিংক শিট প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, অপরিশোধিত পাম অয়েলের আন্তর্জাতিক বুকিং দর দুই সপ্তাহের ব্যবধানে টনপ্রতি প্রায় ১১৫ ডলার কমেছে। অথচ দেশের পাইকারি বাজারে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) দাম কমেছে মাত্র ১৫০-২০০ টাকা। যুদ্ধের অজুহাতে একই সময়ের ব্যবধানে দেশের বাজারে পাম অয়েলের দাম মণপ্রতি ৮০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।
তামা ও রুপার দাম বাড়াতে পারে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা
Bonik Barta
বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা তামা ও রুপার দাম বাড়াতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ‘গ্রিন এনার্জি’ বা সবুজ জ্বালানির দিকে দেশগুলো দ্রুত ধাবিত হওয়ায় খাতটির জন্য অপরিহার্য এ দুই ধাতুর মূল্য আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়বে। পণ্য ও ফিউচার মার্কেট বিশেষজ্ঞ জাফর এরগেজেন জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছে। আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে অচলাবস্থা এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক দেশ তাদের জ্বালানি কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। বিশেষ করে, এশিয়া ও ইউরোপের আমদানিনির্ভর দেশগুলো তেলের ওপর নির্ভরশীলতা কমাতে এখন দ্রুত পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে।
ভারতে চিনি উৎপাদন বেড়েছে ৮ শতাংশ
Bonik Barta
চলতি ২০২৫-২৬ বিপণন মৌসুমে ভারতে চিনি উৎপাদন ৮ শতাংশ বেড়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে চিনির মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ কোটি ৭৩৯ লাখ টনে। উত্তর প্রদেশে উৎপাদন সামান্য কমলেও মহারাষ্ট্র ও কর্ণাটকে উল্লেখযোগ্য হারে ভালো ফলন হওয়ায় সামগ্রিক উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়েছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন। ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজ লিমিটেডের (এনএফসিএসএফ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় ভারতে চিনি উৎপাদন হয়েছিল ২ কোটি ৫৪৩ লাখ টন। অর্থাৎ গতবারের চেয়ে এবার উৎপাদন বেড়েছে প্রায় ৮ শতাংশ। গত ২০২৪-২৫ বিপণন বর্ষে দেশটিতে মোট ২ কোটি ৬০২ লাখ টন চিনি উৎপাদন হয়েছিল। বর্তমান মৌসুমের এখনো বেশ কিছুটা সময় বাকি থাকায় এর পরিমাণ আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাড়ছে গণপরিবহনের ভাড়া
Bonik Barta
জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ‘যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি’র একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন ভাড়ার হার সুপারিশ করবে কমিটি। সভা শেষে বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, সোমবার (আজ) সকালে ভাড়া বৃদ্ধির সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হবে। কত টাকা ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে বিআরটিএর একাধিক সূত্রে জানা গেছে, কিলোমিটারপ্রতি ২২ পয়সা হারে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হতে পারে।
জ্বালানি বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অবস্থান শক্তিশালী করছে রাশিয়া
Bonik Barta
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান অনিশ্চয়তায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার জ্বালানি বাজারে, যেখানে বিকল্প উৎস খোঁজার প্রবণতা দ্রুতই বাড়ছে। এ প্রেক্ষাপটে রাশিয়ার গুরুত্ব বাড়ছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের মতো দেশগুলো এখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এ সুযোগে জ্বালানি বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে রাশিয়া।
ব্যাংকের কাছে বিদ্যুৎ কেন্দ্রের ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
Bonik Barta
দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন এ খাতের উদ্যোক্তারা। সময়ের সঙ্গে সঙ্গে এ ঋণের পরিমাণ বেড়ে এখন প্রায় দেড় লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা খাতটিতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাংক ঋণের পরিমাণ বর্তমানে ১ লাখ ৪৯ হাজার ৩১১ কোটি ২৬ লাখ টাকা। এদিকে দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে সরকারি-বেসরকারি উৎসের পাশাপাশি আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করতে হচ্ছে। ফলে বিদ্যুৎ কেনা বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে বিপুল পরিমাণ বকেয়া জমেছে, যা এরই মধ্যে অর্ধলাখ কোটি টাকা ছাড়িয়েছে।