03-Mar-2026

Wednesday 04 March 2026

05-Mar-2026

ইন্দোনেশিয়ায় চালের উৎপাদন সামান্য কমার পূর্বাভাস

Bonik Barta

দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-এপ্রিল সময়কালে চালের উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ১৮ শতাংশ কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর বিজনেস রেকর্ডার। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে দেশটিতে মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টন। এর মধ্যে শুধু জানুয়ারিতেই উৎপাদন হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টন। প্রাথমিক এ পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই পুরো চার মাসের পূর্বাভাস তৈরি করা হয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটে অচল হরমুজ প্রণালি, লোহিত সাগর ও সুয়েজ খাল

Bonik Barta

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়েছে। হরমুজে ঢুকলেই জাহাজ জ্বালিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে (রেড সি) জাহাজ চলাচল করলে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বড় কনটেইনার শিপিং লাইনগুলো বাব এল-মানদেব প্রণালি ও সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে জাহাজ পরিচালনা শুরু করেছে। ফলে এশিয়া-ইউরোপ রুটে ট্রানজিট টাইম বাড়বে ১০-১৪ দিন, বেড়েছে খরচও। এতে পুরো বিশ্বেই তৈরি হয়েছে ব্যয় বৃদ্ধির শঙ্কা।

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩০২ কোটি ডলার, শীর্ষে সৌদি আরব

The Financial Express

গত ফেব্রুয়ারি মাসে দেশে প্রবাসী আয়ে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। পাশাপাশি শীর্ষ ১০ প্রবাসী আয়ের দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ।আজ বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ৪৯ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৭ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ৩১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ডলার এবং ওমান থেকে ১৭ কোটি ৮০ লাখ ডলার এসেছে। এছাড়াও ইতালি থেকে ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার ডলার, কুয়েত থেকে ১৪ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার, সিঙ্গাপুর থেকে ১৪ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে ১২ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

Bonik Barta

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আমদানিনির্ভর জ্বালানিনীতির আত্মঘাতী সিদ্ধান্তে দুই দশক ধরে হাঁটছে বাংলাদেশ

Bonik Barta

প্রায় এক দশক ধরে জীবাশ্ম জ্বালানি আমদানি অস্বাভাবিক হারে বেড়েছে। অভিযোগ রয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, আমলা ও একশ্রেণীর ব্যবসায়ীর যোগসাজশে এমন পরিস্থিতি তৈরি হয়। দেশে গ্যাস খাতে অনুসন্ধান, উত্তোলনে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি। সেই সঙ্গে জ্বালানি খাতের মজুদ, টেকসই সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রেও বড় ধরনের গড়িমসি ছিল। এভাবে আওয়ামী আমলে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা অতিমাত্রায় বাড়িয়ে তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি খাত দিন দিন ঋণ ও দায়দেনায় জর্জরিত হয়েছে। অন্যদিকে জ্বালানি সরবরাহকারী দেশগুলোয় বিভিন্ন সময়ে যুদ্ধ-সংঘাত পরিস্থিতির কারণে আমদানি তথা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হচ্ছে।

এলএনজিবাহী ট্যাংকারের দৈনিক ভাড়া বেড়েছে ৪০ শতাংশেরও বেশি

Bonik Barta

ট্যাংকার ট্রাফিক বাধাগ্রস্ত হওয়ায় সোমবার একদিনেই এলএনজি জাহাজের দৈনিক ভাড়া ৪০ শতাংশের বেশি বেড়ে যায় বলে জানিয়েছে এলএনজি শিপিংয়ের মূল্য নির্ধারণী সংস্থা ‘স্পার্ক কমোডিটিস’। সংস্থাটির তথ্য অনুযায়ী, আটলান্টিক রুটে এলএনজি ট্যাংকারের দৈনিক ভাড়া সোমবার দাঁড়িয়েছে ৬১ হাজার ৫০০ ডলারে। আগের দিনের তুলনায় এটি ৪৩ শতাংশ বা ১৮ হাজার ৭৫০ ডলার বেশি। একই দিনে প্যাসিফিক রুটেও ভাড়া বড় আকারে বেড়েছে। সেখানে দৈনিক ভাড়া ৪১ হাজার ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ৪৫ শতাংশ বা ১২ হাজার ৭৫০ ডলার বেশি।

দেশীয় বাধা দূর না হলে জাপানের সঙ্গে ইপিএ’র সুফল মিলবে না: ব্যবসায়ীরা

The Business Standard

বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে দেশে সরকারি ও বেসরকারি খাতে বিদ্যমান বাধা দূর করা না গেলে জাপানের সঙ্গে স্বাক্ষরিত ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের (ইপিএ) সম্ভাবনা কাজে লাগানো যাবে না; বরং তা কাগজেই থেকে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) আয়োজিত 'এক্সপোর্ট পটেনশিয়াল আন্ডার বাংলাদেশ-জাপান ইপিএ: চ্যালেঞ্জেস এন্ড ওয়ে ফরওয়ার্ড' শীর্ষক এক সেমিনারে তারা এসব কথা বলেন।

বকেয়া ভর্তুকির টাকা না দিলে গ্রীষ্মে বিদ্যুৎ মিলবে না পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে

The Business Standard

রমজান, আসন্ন গ্রীষ্মকাল এবং সেচ মৌসুমে বিদ্যুৎ চাহিদা মেটানো নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের বড় দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ৪ হাজার ৭২৬ কোটি ৩৭ লাখ টাকার বকেয়া ভর্তুকি না পাওয়ায় কয়লা আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের সংকটে পড়েছে। বিদ্যুৎ বিভাগ গতকাল অর্থ মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে সতর্ক করে বলেছে, বকেয়া ভর্তুকি পরিশোধ করা না হলে দেশের বৃহত্তম দুই বিদ্যুৎকেন্দ্র—রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং পায়রা বিদ্যুৎকেন্দ্র জ্বালানি আমদানি ও বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। এই দুটি কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট 'বেস-লোড' বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত বছরের আগস্ট মাস থেকে এই কেন্দ্র দুটির ভর্তুকি পেমেন্ট বকেয়া রয়েছে।

ঈদে বেতন-বোনাস দিতে সম্ভাব্য অসমর্থ কারখানার সংখ্যা ২৬৬

Bonik Barta

গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিল্প এলাকাগুলোয় অসন্তোষের ঝুঁকি অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন। গত দেড় বছরে নানা কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিল্প এলাকার কারখানাগুলোকে নিবিড় পর্যালোচনায় রেখেছে শিল্প পুলিশ। সংস্থাটির হিসাবে, ঈদুল ফিতরের আগে বেতন-বোনাস দিতে সম্ভাব্য অসমর্থ কারখানার সংখ্যা ২৬৬। জানা গেছে, ঈদকে কেন্দ্র করে শিল্প পুলিশের পক্ষ থেকে শিল্প অধ্যুষিত আট এলাকার কারখানা মালিক ও শ্রমিকদের সঙ্গে সভা শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো এলাকায় এ সভা অনুষ্ঠিত হবে। শ্রমিকপক্ষের দাবি, ফেব্রুয়ারির পাশাপাশি মার্চের অন্তত অর্ধেক বেতন যেন তারা পায়, সেই সঙ্গে বোনাস। তবে এক্ষেত্রে অন্তত বোনাসটুকু নিশ্চিত করার চেষ্টা চলছে।

কভিডের পর দেশের পুঁজিবাজারে সবচেয়ে বড় দরপতন

Bonik Barta

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার প্রভাবে গতকাল দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৪ শতাংশ কমেছে। সূচক ছাড়াও এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক প্রায় ৩ শতাংশ পয়েন্ট হারিয়েছে। তবে শেয়ার বিক্রির চাপে দুই স্টক এক্সচেঞ্জেই দৈনিক লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।

যুক্তরাষ্ট্রে একদিনে চ্যাটজিপিটির আনইনস্টল বেড়েছে ২৯৫%

Bonik Barta

ওপেনএআইয়ের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (ডিওডি) সাম্প্রতিক এক চুক্তির জেরে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ আনইনস্টল করার হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ট্রাম্প প্রশাসনের অধীনে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ হিসেবে পুনর্নামকরণ এ দপ্তরের সঙ্গে ওপেনএআইয়ের অংশীদারত্বের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। খবর টেকক্রাঞ্চ। বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যমতে, দেশটিতে গত শনিবার মাত্র এক দিনের ব্যবধানে চ্যাটজিপিটি অ্যাপ আনইনস্টল করার হার ২৯৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত ৩০ দিনের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে অ্যাপটি মুছে ফেলার স্বাভাবিক হার ছিল ৯ শতাংশ।

প্যারামাউন্ট টেক্সটাইলের মুনাফা কমেছে ১৯ শতাংশ

Bonik Barta

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির নিট মুনাফা চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের তুলনায় ১৯ শতাংশ কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের ইপিএস হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৬ পয়সায়।

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা

Bonik Barta

রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিশেষ ঋণ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ এক বছর মেয়াদি এ ঋণে নিয়মিত সুদের বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা ফি আরোপ করা যাবে না। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের এক বৈঠকের পর গতকাল এ সিদ্ধান্ত আসে। ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস দেয়ার সুবিধার্থে বৈঠকে গভর্নরের কাছে বিজিএমইএর পক্ষ থেকে বিশেষ ঋণ সহায়তা চাওয়া হয়।

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের

The Financial Express

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকের সময় তিনি এই কঠোর সিদ্ধান্তের কথা জানান। স্পেনের আচরণকে 'খুবই খারাপ' আখ্যা দিয়ে ট্রাম্প মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে দেশটির সঙ্গে সব সম্পর্ক ও লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন।স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ইতোমধ্যে ১৫টি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এই ঘোষণা এল।স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস নিশ্চিত করেছেন, ইরানের ওপর হামলার জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি তাদের বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির আওতাভুক্ত নয়।

Strait of Hormuz closure: Businesses fear serious global supply chain disruptions

The Financial Express

Business leaders and analysts warn that the closure of the Strait of Hormuz could seriously disrupt global supply chains and inflict heavy losses on international trade. The ongoing war involving the United States, Israel, and Iran has spilled into the Strait of Hormuz - one of the world's most vital energy chokepoints - driving up oil prices sharply. The strait handles about one-fifth of global oil consumption, along with significant volumes of natural gas. Shipping traffic has slowed dramatically amid Iranian attacks on oil tankers. A commander of Iran's Revolutionary Guard Corps (IRGC) said on Monday the strait was "closed" and warned that any vessel attempting to pass would be set "ablaze".

ভারতে শিল্প খাতে কমেছে এলএনজি সরবরাহ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের শীর্ষ দেশ কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উত্তোলন বন্ধ করে দিয়েছে। এতে জ্বালানি সংকটের আশঙ্কায় ভারতের শিল্প খাতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটির বিপণন কোম্পানিগুলো। এ সংকটের বিষয়ে অবগত শিল্পসংশ্লিষ্ট চারটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে গত সোমবার পারস্য উপসাগরীয় দেশগুলোয় পাল্টা আক্রমণ শুরু করে ইরান। এ উত্তেজনার জেরে কাতার এলএনজি উত্তোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এছাড়া সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল ও গ্যাস পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম ও জাহাজ ভাড়া এক লাফে অনেক বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় নিম্নমুখী বৈশ্বিক শেয়ারবাজার

Bonik Barta

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গতকাল বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। উল্টোদিকে সরবরাহ সংকটের আতঙ্কে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের এ অস্থিরতার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও। খবর এপি। মার্কিন ফিউচার মার্কেট খোলার আগেই গতকাল সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তথ্য অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৫ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ দশমিক ৬ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়বে, বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা ততটাই প্রবল হবে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা।

এশিয়া-ইউরোপ রুটে উড়োজাহাজ ভাড়া আকাশচুম্বী

Bonik Barta

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলো বন্ধ রয়েছে।ফলে এশিয়া ও ইউরোপের মধ্যে বিমান ভাড়া আকাশচুম্বী হয়ে উঠেছে। উড়োজাহাজ সংস্থাগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, জনপ্রিয় রুটগুলোয় আগামী কয়েক দিনের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। খবর রয়টার্স। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইসহ মধ্যপ্রাচ্যের প্রধান আকাশপথগুলো গতকাল টানা চতুর্থ দিনের মতো বন্ধ ছিল। প্রতিদিন গড়ে এক হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করা দুবাই বিমানবন্দর স্থবির হয়ে পড়ায় আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে ইউরোপগামী আকাশপথে এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো বড় সংস্থাগুলোর একচেটিয়া আধিপত্য থাকলেও বর্তমানে ফ্লাইট বন্ধ থাকায় এ রুটে যাত্রী পরিবহন মারাত্মকভাবে কমেছে। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলতে বাধ্য হওয়ায় বিকল্প দীর্ঘ পথ ও জ্বালানি খরচ বাড়ার প্রভাবে টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে।