ইভি বাজারে টেসলাকে টপকেও মুনাফায় ধস বিওয়াইডির
Bonik Barta
বিশ্বের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে ২০২৫ সালের বেশির ভাগ সময় মার্কিন জায়ান্ট টেসলাকে টপকে শীর্ষস্থান দখলে রেখেছে চীনের বিওয়াইডি। তবে বিক্রিতে রেকর্ড গড়লেও মুনাফার অংকে বড় ধরনের ধাক্কা খেয়েছে চীনা প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চীনের অভ্যন্তরীণ বাজারে তীব্র মূল্যযুদ্ধ এবং প্রতিযোগিতার কারণে বিওয়াইডির নিট মুনাফা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমেছে । খবর ইউরো নিউজ। হংকং স্টক এক্সচেঞ্জে শুক্রবার জমা দেয়া নথিতে বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে (প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরো), যা আগের বছর ছিল ৪০ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। তবে মুনাফা কমলেও কোম্পানির বার্ষিক আয় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮০৪ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
The Business Standard
ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি-এর তথ্যমতে, বাণিজ্য মূল্যের এই বিশাল ব্যবধানের দিক থেকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ ১০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত ১০ বছরে (২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত) বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার (৬৮.৩ বিলিয়ন) অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এল চলতি মার্চে
Bonik Barta
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি মার্চে। মাস শেষ হওয়ার তিনদিন আগেই অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। মার্চের প্রথম ২৮ দিনে প্রবাসীরা রেকর্ড ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এতদিন কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঈদ-রোজার মতো উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পায়। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে। গত বছর রমজান মাস শুরু হয়েছিল মার্চের দ্বিতীয় দিন; আর ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছিল মাসের শেষ দিন তথা ৩১ মার্চ। সে মাসজুড়ে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার। একক মাস হিসেবে সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের মাস।
দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
The Business Standard
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।
ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে গাড়ি উৎপাদন কমেছে ১৭ শতাংশ
Bonik Barta
যুক্তরাজ্যের গাড়ি শিল্পে বড় পতন দেখা গেছে ফেব্রুয়ারিতে। গত মাসে দেশটিতে গাড়ি উৎপাদন গেল বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমেছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব শুরু হওয়ার আগেই গাড়ি শিল্পে নেতিবাচক প্রবণতা দেখা দেয়ায় একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে বর্ণনা করেছে সংশ্লিষ্ট শিল্প খাত। সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের (এসএমএমটি) তথ্যানুযায়ী, মূলত রফতানি ব্যাপকভাবে কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যে উৎপাদিত গাড়ির ৮১ শতাংশ রফতানি করা হয়। তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নে রফতানি ৫ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্রে ৩৪ এবং চীনে ৬৬ শতাংশ কমেছে। ফলে সামগ্রিক রফতানিতে ১২ শতাংশ পতন ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান
দাম বাড়ছে প্লেস্টেশন ফাইভের মেমোরি কার্ড বিক্রি স্থগিত সনির
Bonik Barta
বৈশ্বিক বাজারে সেমিকন্ডাক্টর বা মেমোরি চিপের সংকট এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে জনপ্রিয় গেমিং কনসোল প্লেস্টেশন ফাইভের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট সনি গ্রুপ। এক বছরের ব্যবধানে এটি সনির দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে প্রায় সব ধরনের মেমোরি কার্ড বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স ও দ্য ভার্জ। প্লেস্টেশনের নতুন দাম ও বাজার পরিস্থিতি নিয়ে সনি জানিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড প্লেস্টেশন ফাইভের দাম ১০০ ডলার বাড়িয়ে ৬৪৯ ডলার ৯৯ সেন্ট নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল এডিশনের দাম বেড়ে হচ্ছে ৫৯৯ ডলার ৯৯ সেন্ট এবং উচ্চক্ষমতাসম্পন্ন পিএস ফাইভ প্রোর নতুন দাম হবে ৮৯৯ ডলার ৯৯ সেন্ট। এছাড়া প্লেস্টেশন পোর্টাল রিমোট প্লেয়ারের দামও ৫০ ডলার বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ ও জাপানে এ বাড়তি দাম কার্যকর হবে।
বিশ্ববাজারে তামার দাম নিম্নমুখী, অ্যালুমিনিয়ামের উর্ধ্বমুখী
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে তামার দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ১২ হাজার ২৬৭ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে এই দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছিল। মূলত বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দার আশঙ্কা এবং তামার বিশাল মজুদের কারণে এই দরপতন ঘটেছে. মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরানের আলোচনার সম্ভাবনা নাকচ করার পর বিশ্ববাজারে তামা ও অ্যালুমিনিয়ামের দামে ভিন্নমুখী প্রবণতা দেখা গেছে। গত বৃহস্পতিবার লন্ডনের মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম কমলেও আশঙ্কাজনকভাবে বেড়েছে অ্যালুমিনিয়ামের দাম। খবর বিজনেস রেকর্ডার।
মধ্যপ্রাচ্য সংকটে বছরে জ্বালানি ব্যয় বাড়তে পারে ৪-৫ বিলিয়ন ডলার
Bonik Barta
চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের দাম বর্তমানে ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছে। ২০২৬ সালজুড়ে তেলের দাম যদি ১০০ ডলারের বেশি থাকে, তাহলে দেশের জ্বালানি ব্যয় ৪-৫ বিলিয়ন ডলার বেড়ে যাবে। এজন্য এখনই বিকল্প জ্বালানি, বিশেষত নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিতে হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান গবেষক এম জাকির হোসেন খান। ‘ডিকার্বনাইজেশন পাথওয়েজ ফর এসএমইস আন্ডার বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিক)’ শীর্ষক এক গবেষণা প্রবন্ধ উপস্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণায় এসএমই ক্লাস্টারের কারখানাভিত্তিক জ্বালানি ব্যবহার ও নিঃসরণের মূল্যায়ন তুলে ধরা হয়। প্রবন্ধটি উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহগবেষক সাবরিন সুলতানা ও নাজিফা আলম তোরসা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ওয়াল স্ট্রিটে টানা ৫ সপ্তাহ দরপতন
Bonik Barta
এক মাস ধরে চলা সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। গত শুক্রবার লেনদেন শেষে বড় পতন হয়েছে ওয়াল স্ট্রিট সূচকের। এর মাধ্যমে টানা পাঁচ সপ্তাহ ধরে দরপতনের বৃত্তে আটকে রইল মার্কিন পুঁজিবাজার, যা চার বছরের মধ্যে দীর্ঘতম নেতিবাচক ধারা হিসেবে দেখা হচ্ছে। খবর এপি।বাজার বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত এটিই ছিল বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। তাই যখন ওয়াল স্ট্রিটে ধস নামে, তখন এটি বিশ্ববাজারকে প্রভাবিত করে।
রানার অটোমোবাইলসের দর বেড়েছে ১৮%
Bonik Barta
সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪০ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৪ টাকা ১০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। সম্প্রতি দেশের বাজারে চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে রানার অটোমোবাইলস। এ লক্ষ্যে কোম্পানিটি বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর করবে। ২০ মার্চ অনুষ্ঠিত সভায় বিষয়টি অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। এ ঘোষণার পরে কোম্পানিটির শেয়ারদরে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।
কিউআইও তহবিলের ৩৮% অর্থ ব্যয় হয়নি
Bonik Barta
প্রায় দুই বছর আগে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছিল চামড়া খাতের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড। তবে দেশে রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য ও শুল্কনীতি পরিবর্তনের কারণে কোম্পানিটি এ অর্থের ৩৮ শতাংশ ব্যয় করতে পারেনি। বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যয় করার চিন্তা করছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, স্টক এক্সচেঞ্জের বিধিমালা এবং কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতি পত্রের শর্ত অনুসারে, প্রান্তিক ভিত্তিতে অর্থ ব্যয়ের তথ্য জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে ক্রাফটসম্যান ফুটওয়্যার কিউআইওর অর্থ হাতে পাওয়ার পর শুধু প্রথমবার অর্থ ব্যয়-সংক্রান্ত প্রান্তিক প্রতিবেদন জমা দিয়েছে। এরপর পাঁচটি প্রান্তিকের প্রতিবেদন জমা দেয়নি কোম্পানিটি। এ প্রতিবেদন জমা না দেয়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটির কাছে চিঠি দিয়েছিল ডিএসই। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি জানায় যে তাদের কাছে কিউআইও তহবিলের ১ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৬৯৬ টাকা অব্যবহৃত রয়েছে। দেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ও শুল্কনীতিতে পরিবর্তন আসার কারণে তারা এ অর্থ ব্যয় করতে পারেনি। এ অবস্থায় কোম্পানিটি বিনিয়োগকারী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে তহবিলের অব্যবহৃত অর্থের বিকল্প ব্যবহারের বিষয়ে চিন্তা করছে বলে ডিএসইকে জানিয়েছে।
ভূরাজনৈতিক উত্তেজনায় অস্থির স্বর্ণের বাজার, এশিয়ায় কমছে গহনার চাহিদা
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে দামের এ অনিশ্চয়তা ভারত ও বাংলাদেশের মতো ছোট বড় বাজারগুলোয় গহনার চাহিদাকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। যুদ্ধের প্রভাবে একদিকে যেমন বিনিয়োগকারীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, অন্যদিকে সাধারণ ক্রেতারাও চড়া ও অস্থির মূল্যের কারণে স্বর্ণ কেনা থেকে পিছিয়ে আসছেন। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার ফলে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার বিনিময় হার কমে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ব্যাংক এশিয়ার কাছে ৫৮০ কোটি টাকায় ব্যবসা বিক্রি করছে ব্যাংক আলফালাহ্
Bonik Barta
পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আলফালাহ্ লিমিটেডের বাংলাদেশের সম্পদ ও দায় কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি। ব্যাংক আলফালাহ্র শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। শেয়ারহোল্ডারদের এ অনুমোদনের বিষয়টি পাকিস্তান স্টক এক্সচেঞ্জকে (পিএসএক্স) অবহিত করেছে ব্যাংক আলফালাহ্।তথ্যানুসারে, ব্যাংক আলফালাহ্র ৭৮তম এজিএমে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ব্যাংক এশিয়ার কাছে ৫৮০ কোটি টাকায় (প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলার) বাংলাদেশে থাকা পাকিস্তানের ব্যাংকটি সম্পদ ও দায় বিক্রির বিষয়টি অনুমোদন করেছেন। এজিএমের কার্যবিবরণী গত শুক্রবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেয়া হয়েছে। বিক্রয় মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যাংক আলফালাহ্র বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার সঙ্গে একীভূতকরণের সময় কিছু সমন্বয় করা হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং পাকিস্তান ও বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।
বিকাশে বাকিতে ১ হাজার টাকা পর্যন্ত রিচার্জ সুবিধা চালু
Bonik Barta
গ্রাহকের বিকাশ হিসাবে ব্যালান্স বা পর্যাপ্ত টাকা না থাকলেও বাকিতে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। বিকাশ অ্যাপের ‘পে-লেটার’ সেবার মাধ্যমে নিজের অথবা প্রিয়জনের মোবাইলে এ রিচার্জ করা যাবে। গ্রাহক চাইলে পরবর্তী সাতদিনের মধ্যে এ টাকা ইন্টারেস্ট বা সুদ ছাড়া পরিশোধ করতে পারবেন। সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে এ সেবা নিতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।বিকাশ জানায়, বিকাশের পে-লেটার সেবা পাওয়ার জন্য বিবেচিত গ্রাহকরা এ সেবা নিতে পারবেন। এর আওতায় দেশের যেকোনো অপারেটরে বিকাশের গ্রাহকরা ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন। এ ক্ষেত্রে প্রসেসিং ফি যুক্ত হবে। এর মাধ্যমে ইন্টারনেট, মিনিট, বান্ডিল কিংবা টকটাইমসহ যেকোনো রিচার্জ গ্রাহক তার পছন্দমতো নিতে পারবেন।
ভিয়েতনামে আলু রফতানির অনুমতি পেল বাংলাদেশ
Bonik Barta
সরকারিভাবে আলু রফতানি করতে পারবে বাংলাদেশ। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রফতানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় গতকাল থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রফতানির অনুমোদন পেল।