05-Feb-2026

Friday 06 February 2026

07-Feb-2026

২০২৫ সালে অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ কমিয়েছে ৩,৫৮৪ কোটি টাকা

The Financial Express

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অন্যতম বড় সমস্যা খেলাপি ঋণ। গত বছর এ খাতের ব্যাংকগুলো খেলাপি ঋণ কমাতে জোরালো উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৫ সালে অগ্রণী ব্যাংক তাদের খেলাপি ঋণ কমিয়েছে ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। এতে ব্যাংকটির প্রায় ৫ শতাংশ খেলাপি ঋণ কমেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালের শেষে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ২ কোটি টাকা বা মোট ঋণের ৪০.৪৯ শতাংশ। ২০২৫ সাল শেষে তা কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬১৬ কোটি টাকা বা মোট ঋণের ৩৫.৫২ শতাংশ।

স্মার্টফোন চিপ বিক্রি কমায় চাপে কোয়ালকম ও এআরএম

Bonik Barta

মেমোরি চিপ সংকটের কারণে আগামী কয়েক মাস মোবাইল ফোনের বিক্রি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও নির্বাহীরা। চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ও চিপ নকশাকারী প্রতিষ্ঠান এআরএম হোল্ডিংস গত সপ্তাহে ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশের পর এমন পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির আয়ের হিসাবে বিনিয়োগকারীরা সন্তুষ্ট না হওয়ায় শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। খবর রয়টার্স। সংশ্লিষ্টদের মতে, মোবাইল ফোনের এ সরবরাহ ঘাটতি কোয়ালকম ও এআরএমের মতো সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিষ্ঠানগুলোর চিপের চাহিদাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেবে।

এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করছে ওয়াশিংটন পোস্ট

Bonik Barta

কর্মীদের এক-তৃতীয়াংশ ছাঁটাই করেছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। এর আওতায় পড়বে ক্রীড়া বিভাগ, কয়েকটি বিদেশী সংবাদকেন্দ্র ও বই সম্পর্কিত কভারেজ। সংবাদমাধ্যম খাতে কিংবদন্তি এ ব্র্যান্ডে ব্যাপক ছাঁটাইকে সাংবাদিকতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর এপি। ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে পদক্ষেপটিকে ‘কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এর মাধ্যমে সংবাদমাধ্যমটি আরো শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে এবং প্রযুক্তি ও ব্যবহারকারীর অভ্যাসের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পোশাক আমদানি বেড়েছে ১২.৪৩%

Bonik Barta

বাংলাদেশ থেকে তৈরি পোশাক একক বাজার হিসেবে সবচেয়ে বেশি রফতানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটি গত বছরে ডিসেম্বর ব্যতীত বাকি এগারো মাস বাংলাদেশ থেকে যে পরিমাণ পোশাকপণ্য আমদানি করেছে, অর্থমূল্য বিবেচনায় তা ৭৬০ কোটি ডলারেরও বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১২ দশমিক ৪৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৬০ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এর আগের বছর একই সময়ে আমদানির অর্থমূল্য ছিল ৬৭৬ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার।

জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে ৬.৭%

Bonik Barta

বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম ২০২৫ সালের মাঝামাঝি থেকে টানা নয় নিলামে নিম্নমুখী ছিল। তবে চলতি বছরের শুরু থেকেই এ পণ্যের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ আন্তর্জাতিক নিলামে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ ডলারে, যা গত অক্টোবরের পর সর্বোচ্চ। খবর ইডেইরি নিউজ ও ফারমারস উইকলি। খাতসংশ্লিষ্টরা জানান, সর্বশেষ জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রে ননিছাড়া গুঁড়া দুধের (এসএমপি) সরবরাহ কমে যাওয়া। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে নতুন করে ক্রয় চাহিদা বৃদ্ধিকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ননিযুক্ত গুঁড়া দুধের (ডব্লিউএমপি) মৌসুমি চাহিদা কমার আগেই এ ক্রয় শুরু হয়েছে।

স্বর্ণের দাম কমল, ভরি ২ লাখ ৫৪ হাজার টাকা

Bonik Barta

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ সকাল ১০টায় নতুন এ দাম কার্যকর হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এতে আরো বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে

রফতানিমুখী হস্তশিল্পের প্রসারে অর্থায়ন বাড়াবে পিকেএসএফ

Bonik Barta

প্রায় ১ ট্রিলিয়ন ডলারের রফতানি বাজারে বাংলাদেশী হস্তশিল্পের প্রসার ঘটাতে এ খাতে অর্থায়ন ও অন্যান্য সহায়তা বৃদ্ধি করবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পাশাপাশি দেশীয় বাজার সম্প্রসারণেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। রাজধানীর মিরপুরে রফতানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠান ‘তরঙ্গ’ পরিদর্শনকালে এ কথা বলেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের, উপ-মহাব্যবস্থাপক একেএম ফয়জুল হক এবং ‘তরঙ্গ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কোহিনুর ইয়াসমিনসহ প্রতিষ্ঠান দুটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

চলতি অর্থবছরে সাড়ে ৪ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

ফেব্রুয়ারির প্রথম চারদিনে ৫০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে ব্যাংকগুলোয় ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। দাম ধরে রাখতে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৬টি ব্যাংক থেকে গতকাল কিনেছে ১৯ কোটি ৬৫ লাখ ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেনা হয়েছে মোট ৪৫১ কোটি ৯৫ লাখ বা সাড়ে ৪ বিলিয়নের বেশি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রেতা ফেরাতে পণ্যের দাম কমানোর পরিকল্পনা করছে পেপসিকো

Bonik Barta

বছরের পর বছর ধরে মূল্যবৃদ্ধির কারণে গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় এখন পণ্যের দাম কমানোর পরিকল্পনা করছে পেপসিকো। লে’স, ডরিটোস ও চিটোসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের চিপস ও স্ন্যাকসের দাম কমিয়ে ক্রেতাদের আবার ফিরিয়ে আনতে চায় কোম্পানিটি। গত বছর উত্তর আমেরিকায় পেপসিকোর পানীয়ে বিক্রি ৪ ও স্ন্যাকসের ১ শতাংশ কমেছে। খবর রয়টার্স। পেপসিকোর চেয়ারম্যান ও সিইও র‍্যামন লাগুয়াত্রা জানান, নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের জন্য পণ্যের বর্তমান দাম একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কোম্পানিটি পণ্যগুলোকে ক্রেতাদের জন্য আরো সাশ্রয়ী করার বিভিন্ন উপায় নিয়ে কাজ করছে। মূলত প্যাকিং, উপাদান ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এর আগে পণ্যের দাম বাড়িয়েছিল কোম্পানিটি।

৭৫ কোটি ছাড়াল জেমিনি ব্যবহারকারী

Bonik Barta

বাজার বিশ্লেষকদের মতে, জেমিনির দ্রুত উত্থান মেটা এআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের অনেকটা পেছনে ফেলে দিয়েছে। তবে এআইয়ের লড়াইয়ে এখনো শীর্ষে আছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। ২০২৫ সালের শেষ নাগাদ চ্যাটজিপিটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮১ কোটিতে। গুগলের এ সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে প্রতিষ্ঠানটির সম্প্রতি উন্মোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সংস্করণ ‘জেমিনি ৩’ মডেলকে। গুগলের দাবি, সর্বাধুনিক মডেলটি আগের তুলনায় অনেক বেশি গভীর ও সূক্ষ্মভাবে মানুষের প্রশ্নের উত্তর দিতে সক্ষম। উন্মোচনের পর পরই ব্যবহারকারীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বেড়েছে।

যুক্তরাষ্ট্রে মিলিয়ন ডলার দামের আবাসনের চাহিদায় দিক পরিবর্তন

Bonik Barta

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের তুলনায় মিলিয়ন ডলারের তালিকাভুক্ত বাড়ি বাড়ছে মিয়ামিতে। দেশটিতে বিলাসবহুল হাউজিং বাজারের কেন্দ্র যে দক্ষিণাঞ্চলে সরে যাচ্ছে এটিই তার ইঙ্গিত বলে অভিমত সংশ্লিষ্টদের।বিলাসবহুল হাউজিং বিষয়ক রিয়েলটার ডটকমের সর্বশেষ প্রতিবেদনে অনুসারে, মিয়ামিতে ১ মিলিয়ন বা তার বেশি মূল্যের ১০ হাজার ৫৯১টি তালিকাভুক্ত বাড়ি রয়েছে। অন্যদিকে নিউইয়র্কে রয়েছে একই মূল্যের ১০ হাজার ১৭৬টি বাড়ি। বিলাসবহুল বাড়ির ক্ষেত্রে প্রায় দশকব্যাপী নিউইয়র্ক শীর্ষস্থান ধরে রেখেছিল। কিন্তু গত মাসে নেতৃত্বে আসে মিয়ামি।

নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনা যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে

Bonik Barta

প্রবাসীদের স্বজনদের জন্য দেশে টাকা পাঠানোর আরো একটি সহজ মাধ্যম উন্মুক্ত করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এর ফলে ব্যাংকটির রেমিট্যান্স গ্রাহকরা তাদের স্বজনদের কাছে নগদ ওয়ালেটের মাধ্যমে অর্থ পাঠাতে পারছেন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি রেমিট্যান্স পেমেন্টবিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এ সময় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সাত বছর পর বহির্মুখী বিনিয়োগে বড় উল্লম্ফন চীনের

Bonik Barta

চীন থেকে বিদেশে বিনিয়োগ ২০১৮ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে গত বছর। ২০২৪ সালের তুলনায় দেশটির বহির্মুখী বিনিয়োগ বেড়েছে প্রায় ১৮ শতাংশ বেশি। কৌশলগত কারণে এ প্রক্রিয়ায় বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে জ্বালানি ও খনিজ খাত। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো থেকে সরে এসে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। খবর নিক্কেই এশিয়া। রোডিয়াম গ্রুপের চায়না ক্রস বর্ডার মনিটর অনুযায়ী, গত বছর চীনের নতুন প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) দাঁড়িয়েছে ১২ হাজার ৪০০ কোটি ডলারে। অর্থের এ অংক ২০১৮ সালের পর সর্বোচ্চ হলেও ২০১৬ সালের সর্বোচ্চ পর্যায়ের তুলনায় এখনো অনেক কম।

এশিয়াটিক ল্যাবরেটরিজ প্রথমার্ধে মুনাফা বেড়েছে প্রায় ৩ গুণ

Bonik Barta

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মুনাফা বেড়েছে ২ দশমিক ৬৯ গুণ। কোম্পানিটি জানিয়েছে, ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন বিপণন এলাকা স্থাপন ও নতুন অঞ্চলে বিক্রয় কার্যক্রম জোরদার করায় বিক্রয় আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৮৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।