এক কোটি শেয়ার কিনেছেন অলিম্পিকের চেয়ারম্যান
Bonik Barta
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই এক কোটি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের বিদ্যমান বাজারদরে গত ১৯ ফেব্রুয়ারি এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৬ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। এর ৩৪ দশমিক ৮৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯৬, বিদেশী বিনিয়োগকারী ৩০ দশমিক ৯৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।
বিশ্বজুড়ে ইউনিলিভারে কর্মী নিয়োগ বন্ধ
Bonik Barta
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সব ধরনের কর্মী নিয়োগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার। কোম্পানিটি জানিয়েছে, আগামী অন্তত তিন মাস সব স্তরে এ নিয়োগ স্থগিত থাকবে। সম্প্রতি ইউনিলিভারের কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। ওই চিঠিতে বলা হয়েছে, ইরানে চলমান মাসব্যাপী যুদ্ধের ফলে সৃষ্ট ‘বড় চ্যালেঞ্জ’ মোকাবেলায় তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইউনিলিভারের পারসোনাল কেয়ার ব্যবসার প্রধান ফ্যাবিয়ান গার্সিয়া চিঠিতে উল্লেখ করেছেন, বর্তমান সামষ্টিক অর্থনীতি ও ভূরাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী কয়েক মাস বেশ কঠিন হতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় ইউনিলিভারের নেতৃত্বদানকারী নির্বাহী দল বিশ্বব্যাপী সব স্তরে নিয়োগ বন্ধের বিষয়ে একমত হয়েছে।
কারণ ছাড়াই বাড়ছে বিডি অটোকারসের শেয়ারদর
Bonik Barta
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিটি। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২৬ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪১ দশমিক ৮৭ শতাংশ। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিডি অটোকারসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৩৫ পয়সায়।
যুদ্ধ শুরুর পর বাজার মূলধন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি
Bonik Barta
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ফ্রি ফ্লোট বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষ কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে। আলোচ্য সময়ে পুঁজিবাজারের ফ্রি ফ্লোট শেয়ারের শীর্ষ ১০ কোম্পানি মোট বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫২৯ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বাজার মূলধন কমেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংকের। যুদ্ধ শুরুর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্রি ফ্লোট বাজার মূলধনি শীর্ষ ১০ কোম্পানির মোট বাজার মূলধন ছিল ৫৮ হাজার ২২২ কোটি টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিগুলোর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৯২ কোটি টাকায়। ২৬ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের বাজার মূলধন ছিল ৭ হাজার ৯০৭ কোটি টাকা, গতকাল শেষে তা ৯১৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯১ কোটি টাকায়।
মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
The Business Standard
ইরান যুদ্ধের প্রভাবে অস্থির বৈশ্বিক জ্বালানি বাজারের মধ্যে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে মঙ্গলবার (৩১ মার্চ) কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৪১ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এক্সনমোবিল কাজাখস্তান থেকে এই ক্রয়ের উদ্যোগটি এমন সময়ে নেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি কৌশলগত কূটনৈতিক অগ্রগতি তৈরি হয়েছে। ১১ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল আমদানিতে অস্থায়ী ছাড় দেওয়ার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় ডলারের দরপতন: ১৮ মার্কিন কোম্পানিকে ইরানের হুমকি
The Financial Express
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ প্রত্যাশার চেয়ে কম সময় স্থায়ী হতে পারে—এমন আশাবাদে মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক বাজারে ডলারের কিছুটা দরপতন হয়েছে। তবে সংঘাতের মেয়াদ ও ব্যাপ্তি নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে ডলারের চাহিদা এখনও তুঙ্গে। ফলে ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের পর থেকে এটি সেরা একটি ব্যবসায়িক প্রান্তিক বা কোয়ার্টারের দিকে এগিয়ে যাচ্ছে।মঙ্গলবার ডলার সূচক ০.৫৯ শতাংশ কমে ৯৯.৯৬-এ দাঁড়ালেও মাসিক হিসেবে এটি ২.৩৫ শতাংশ লাভের পথে রয়েছে, যা গত জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। মূলত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে এবং জ্বালানি রপ্তানিকারক দেশ হিসেবে সুবিধাজনক অবস্থানে থাকায় মার্কিন ডলার বা ‘গ্রিনব্যাক’ শক্তিশালী অবস্থানে রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে ইচ্ছুক। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিন হবে ‘চূড়ান্ত’ এবং কোনো চুক্তিতে না পৌঁছালে সংঘাত আরও তীব্র হবে।
এসএআর-এর নজরদারিতে ১২ বিলিয়ন ডলারের ২০০ খেলাপি ঋণ মামলা
The Financial Express
বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি নিবেদিত বিভাগ পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের (স্টোলেন-অ্যাসেট-রিকভারি বা এসএআর) নতুন উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। এই উদ্যোগের আওতায় ২০০টিরও বেশি উচ্চ-মূল্যের খেলাপি ঋণ (এনপিএল) মামলা যাচাই-বাছাই করা হচ্ছে, যার প্রতিটিতে আনুমানিক ২০০ কোটি টাকা জড়িত। চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার বিষয়ক গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী জানান, স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন নামে নতুন প্রতিষ্ঠিত ইউনিট বর্তমানে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)-এর তথ্য ব্যবহার করে এই অর্থের পরিমাণ যাচাই করছে। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের (এফই) সাথে আলাপকালে তিনি বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া খেলাপি ঋণের তথ্য থেকে এই ২০০টি মামলা প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। সংকলিত তথ্য অনুযায়ী, এই মামলাগুলোতে সম্মিলিতভাবে প্রায় ১২ বিলিয়ন ডলার বা ১ লাখ ৪৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণ জড়িত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকা।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চায় সরকার
The Financial Express
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য শক্তিশালী করতে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার সহায়তা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ভূমিকা নিয়ে রোববার দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এই পরিকল্পনা প্রকাশ করেন। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের ইরানের ওপর হামলার প্রেক্ষাপটে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। কারণ, প্রায় ৩০ বিলিয়ন ডলারের রেমিট্যান্সের প্রায় ৭০ শতাংশই এ অঞ্চল থেকে আসে।তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিক কোনো বড় ধরনের ঝুঁকি নেই। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৪ বিলিয়ন ডলার, যা সম্ভাব্য স্বল্পমেয়াদি ধাক্কা সামাল দিতে যথেষ্ট। জ্বালানি নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে গভর্নর বলেন, একক উৎসের ওপর নির্ভরতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তি ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতেও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি
The Financial Express
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ৩৪.০৫ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ দশমিক ০৭ মিলিয়ন ডলার বা ২৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর আগে ২৯ মার্চ পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৩.৯৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ২৯ বিলিয়ন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী। এতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারিত হয়।
বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ নেমেছে ৩.৮০ বিলিয়ন ডলারে
Bonik Barta
দেশের রফতানি খাত নেতিবাচক ধারায় রয়েছে, পাশাপাশি আমদানিতেও উল্লেখযোগ্য কোনো প্রবৃদ্ধি নেই। এমন পরিস্থিতিতে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ থাকা সত্ত্বেও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্রো অ্যাকাউন্ট) ডলারের স্থিতি কমে গেছে। ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন (এনওপি) অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৮০ কোটি বা ৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। অথচ গত অর্থবছরের শুরুতে ছিল ৬ দশমিক ১০ বিলিয়ন ডলার। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার ধারণক্ষমতা প্রায় অর্ধেকে নেমেছে।বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ গণনার ক্ষেত্রে নস্ট্রো হিসাবের ডেবিট ব্যালান্স এবং অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) বিনিয়োগ অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি এনওপি ভিত্তিতে এ রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে ব্যাংকগুলোর ডলার ধারণের যে পরিমাণ উঠে এসেছে, সেটিকে অর্থনীতির দুর্বল দিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানির মজুদে তীব্র চাপ, আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টায় সরকার
Bonik Barta
দেশে জ্বালানি তেল ডিজেল, পেট্রল ও অকটেনের মজুদ রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৩১০ টন। জ্বালানি তেল নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে গতকাল এ তথ্য জানায় জ্বালানি বিভাগ। দেশে বর্তমানে প্রতিদিন তিনটি জ্বালানি পণ্যের গড়ে বিক্রি হচ্ছে ১৫ হাজার ৫৩১ টন (১-২৩ মার্চের গড় হিসাব অনুযায়ী)। মজুদ ও বিক্রির এ হিসাব বিবেচনায় নিলে দেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে পৌনে ১০ দিনের। যদিও আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেলের জাহাজ আসায় এ হিসাব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, মধ্যপ্রাচ্য ঘিরে সংঘাত এবং হরমুজ প্রণালিতে অবরোধের প্রভাবে ছড়িয়ে পড়া বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশ প্রথম বড় ক্ষতিগ্রস্ত দেশে পরিণত হতে পারে। গতকাল সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাংলাদেশ কয়েক সপ্তাহের মধ্যেই তেল ও গ্যাসের মারাত্মক ঘাটতির মুখে পড়তে পারে। জ্বালানি তেল সংগ্রহে সরকার বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ করছে বলেও জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
জাফরানের দাম বেড়েছে কেজিতে ৩ লাখ টাকা
Bonik Barta
বিশ্বের সবচেয়ে দামি মসলা জাফরান। রাজসিক এ মসলার প্রায় ৯০ শতাংশই উৎপাদন হয় ইরানে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জাফরানের সরবরাহ কমে গেছে। সে কারণে বৈশ্বিক বাজারের পাশাপাশি দেশের পাইকারি বাজারে এক মাসের ব্যবধানে এর দাম বেড়েছে কেজিপ্রতি ৩ লাখ টাকা। যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম আরো বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।মূলত বিরিয়ানি, পোলাও, ক্ষীর, পায়েস, মিষ্টি, বিভিন্ন ধরনের পানীয়তে সুগন্ধ বাড়াতে ও খাবারের সৌন্দর্য আনতে জাফরানের ব্যবহার হয়। আবার কসমেটিকস পণ্য, ত্বকের লোশনজাতীয় পণ্য কিংবা সুগন্ধি উৎপাদন এবং কিছু ভেষজ চিকিৎসায়ও এর ব্যবহার রয়েছে। পাইকারি বাজার ছাড়াও দেশের বিভিন্ন সুপারশপ ও বড় পাইকারি-খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এক গ্রামের বায়ুনিরোধী প্যাকেটে জাফরান বিক্রি হয়।
সংবাদপত্র শিল্পে শুল্ক-কর কমানোর প্রস্তাব নোয়াবের
Bonik Barta
সংবাদপত্র শিল্পের ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর প্রস্তাব দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সংবাদপত্র মালিকদের সংগঠনটি বলছে, কাঁচামাল বা নিউজপ্রিন্টের দাম বৃদ্ধি, বিজ্ঞাপন আয় হ্রাস এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এ শিল্প বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটে রয়েছে। রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে গতকাল আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে নোয়াব নেতারা এসব প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। নোয়াব ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে এ বৈঠকের আয়োজন করে এনবিআর।
অনুষ্ঠানে আসন্ন বাজেট নিয়ে নোয়াবের প্রস্তাবগুলো তুলে ধরেন সংগঠনটির সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সংবাদ সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির এবং বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্য যুদ্ধেও স্থিতিশীল বিটকয়েন আসিয়ানে ক্রিপ্টো গ্রহণে নতুন গতি
Bonik Barta
বিশেষ করে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শেয়ারবাজার ও বন্ডের মতো প্রথাগত সম্পদগুলোয় বড় ধরনের উত্থান-পতন লক্ষ করা গেছে। তবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির বাজার, বিশেষ করে বিটকয়েনের স্থিতিস্থাপকতা দক্ষিণ-পূর্ব এশিয়ায় (আসিয়ান) নতুন করে আশার আলো দেখাচ্ছে। খবর নিক্কেই এশিয়া।সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরান যুদ্ধের প্রভাবে প্রথাগত সম্পদগুলোর দর যখন টালমাটাল, তখন ক্রিপ্টোকারেন্সির মূল্য তুলনামূলক স্থিতিশীল রয়েছে। যুদ্ধের শুরু থেকে বিটকয়েনের দাম প্রতি ডলারে ৬৫-৭৫ হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। এমনকি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগের দিনের তুলনায় গত ২৪ মার্চ পর্যন্ত বিটকয়েনের মূল্য ৮ শতাংশের বেশি বেড়েছে। একই সময় বিশ্ববাজারের অন্যান্য সূচকে দেখা গেছে ভিন্ন চিত্র। এমএসসিআই এশিয়া প্যাসিফিক স্টক ইনডেক্স ১২ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। এদিকে মার্কিন ডলার ইনডেক্স বেড়েছে ২ শতাংশ।