বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কে পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা
Bonik Barta
প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। একই সঙ্গে প্রস্তাবিত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান ব্যবসায়ীদের সংগঠনটি। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে বর্ধিত ভ্যাটের কারণে পরিচালন ব্যয় বাড়বে। এতে রফতানি বাজার হারানোর শঙ্কা ব্যবসায়ীদের।
রাশিয়া-মরক্কো থেকে ৩৯৬ কোটি টাকার সার কিনবে সরকার
Bonik Barta
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৯৬ কোটি ৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। এ সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব দেয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
যুগ্ম নামে কেনা যাবে না পরিবার সঞ্চয়পত্র
Bonik Barta
পরিবার সঞ্চয়পত্রের নীতিমালায় কিছুটা পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে। এ সঞ্চয়পত্র যুগ্ম নামে কেনা যাবে না এবং প্রতিষ্ঠানের টাকাও এ সঞ্চয়পত্রে খাটানো যাবে না। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব মকিমা বেগম। এ প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সঞ্চয়পত্র ক্রয়ের যোগ্যতা ১৮ বছর এবং তার বেশি বয়সের যেকোনো বাংলাদেশী নারী, যেকোনো বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও নারী) এবং ৬৫ ও তার বেশি বয়সের বয়োজ্যেষ্ঠ যেকোনো বাংলাদেশী পুরুষ নির্ধারিত ফরমে এ সঞ্চয়পত্র কেনার আবেদন করতে পারবেন।
ই-বুকে মূসক অব্যাহতি, রেস্তোরাঁ খাতে ভ্যাট ফিরেছে আগের অবস্থায়
Bonik Barta
রেস্তোরাঁ খাতে ভ্যাটের পরিমাণ আগের অবস্থায় অর্থাৎ ৫ শতাংশে ফেরানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী গতকাল এ কথা জানান। একসঙ্গে তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার ই-বুকের স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘রেস্তোরাঁ খাতে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে সরকার সরে আগের অবস্থায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ জারি হতে পারে।’
ক্রিপ্টোকারেন্সিতে আগ্রহ বাড়ছে মার্কিন পেনশন ফান্ডগুলোর
Bonik Barta
মার্কিন সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ক্রিপ্টোকারেন্সির বাজারে উল্লম্ফন ঘটে। কয়েক মাসের ব্যবধানে কোনো কোনো কারেন্সির দাম দ্বিগুণে উন্নীত হয়। এ পরিস্থিতিতে মুনাফা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পেনশন ফান্ডগুলোও এখন বিটকয়েনে বিনিয়োগের দিকে ঝুঁকছে। খবর এফটি।
ক্রিপ্টোতে বিনিয়োগ করা স্টক মার্কেট ফান্ডের শীর্ষ মালিকদের মধ্যে রয়েছে উইসকনসিন ও মিশিগান রাজ্যের পেনশন স্কিমগুলো। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কিছু পেনশন ফান্ড ম্যানেজার সাম্প্রতিক মাসগুলোয় বিনিয়োগ ব্যবস্থাপকদের মাধ্যমে বা ডেরিভেটিভস ব্যবহার করে বিটকয়েনে ছোট আকারের বিনিয়োগ করেছে।
পরামর্শক প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর বিটকয়েনের দাম দ্বিগুণ হয়ে ১ লাখ ডলারে পৌঁছেছে। ফলে দ্রুত মুনাফা নিশ্চিত করতে রক্ষণশীল তহবিল ব্যবস্থাপকরাও ডিজিটাল কারেন্সিতে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে।
ক্রিপ্টো বিশ্লেষকদের পূর্বাভাস দিচ্ছেন, ক্রিপ্টোকারেন্সির পৃষ্ঠপোষক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসায় এগুলোর দাম চলতি বছর আবার দ্বিগুণ হতে পারে। নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের বিটকয়েন সুপারপাওয়ার বানাবেন এবং এ খাতে চলমান বিধিনিষেধের অবসান ঘটাবেন।
জাপানে বিদেশী পর্যটক বেড়েছে ৪৭ শতাংশ
Bonik Barta
জাপানে বিদেশী পর্যটকের সংখ্যা গত বছর রেকর্ড ৩ কোটি ৭০ লাখে পৌঁছেছে। ইয়েনের বিনিময় হার কমে যাওয়ায় পর্যটকদের জন্য জাপান ভ্রমণ তুলনামূলক সাশ্রয়ী হয়েছে। এতে আগের বছরের তুলনায় পর্যটক বেড়েছে ৪৭ দশমিক ১ শতাংশ। সম্প্রতি জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) এসব তথ্য জানিয়েছে। খবর নিক্কেই এশিয়া।
কভিড-১৯-পরবর্তী সময়ে জাপানে ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করায় পর্যটকের সংখ্যা বাড়ছে। ২০২৩ সালে জাপানে পর্যটকের সংখ্যা ছিল ২ কোটি ৫০ লাখ। ২০২৪ সালে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যে চীন থেকে আসা পর্যটক ১৮৭ দশমিক ৯ শতাংশ, তাইওয়ান থেকে ৪৩ দশমিক ৮ ও দক্ষিণ কোরিয়া থেকে ২৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে জাপান ট্যুরিজম এজেন্সির (জেটিএ) কমিশনার নাওয়া হারাইকাওয়া বলেন, ‘আমরা ২০৩০ সালের মধ্যে ছয় কোটি পর্যটক আকর্ষণ এবং তা থেকে ১৫ লাখ কোটি ইয়েন আয় করার লক্ষ্য নিয়েছি। এ পর্যন্ত আমরা ৮ লাখ কোটি ইয়েন আয় করেছি। স্পষ্টতই আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি।’
টানা দ্বিতীয় বছরের মতো সংকুচিত হলো জার্মান অর্থনীতি
Bonik Barta
জার্মানির অর্থনীতি টানা দ্বিতীয় বছরের মতো সংকোচনের মুখে পড়েছে। ফেডারেল স্ট্যাটিসটিকস অফিস জানিয়েছে, ২০২৪ সালে দেশটির জিডিপি দশমিক ২ শতাংশ কমে গেছে। অর্থনীতিবিদরাও একই পরিমাণে সংকোচনের পূর্বাভাস দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে চলমান স্থবিরতার গভীরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
স্ট্যাটিসটিকস অফিসের সভাপতি রুথ ব্র্যান্ড এক সংবাদ সম্মেলনে জানান, কাঠামোগত বাধাগুলো ২০২৪ সালে অর্থনৈতিক উন্নতির পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ প্রান্তিকে অর্থনীতি দশমিক ১ শতাংশ কমে গেছে। ফলে শিগগিরই পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
২০২৩ সালেও জার্মানির অর্থনীতি দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছিল। সর্বশেষ এমন টানা দুই বছরের অর্থনৈতিক সংকোচনের নজির দেখা গিয়েছিল ২০০০ সালের প্রথম দিকে। ইফো ইনস্টিটিউটের পূর্বাভাস প্রধান টিমো উলমারশ্যোজার বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের পর জার্মানি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘস্থায়ী স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডে দেশটি এখন উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়ছে। একসময় ইউরোপের অর্থনৈতিক শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত ছিল জার্মানি। এখন ইউরোজোনের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে রয়েছে দেশটি। ২০২৩ সালে সংকুচিত হওয়া একমাত্র বড় অর্থনীতি হিসেবে উঠে এসেছে জার্মানির নাম। অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে মতবিরোধ চ্যান্সেলর ওলাফ শুলজের তিন-দলীয় জোটের ভেঙে পড়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জার্মান ভোটারদেরও প্রধান উদ্বেগের বিষয় অর্থনীতি।