14-Apr-2026

Wednesday 15 April 2026

16-Apr-2026

বৈশ্বিক ট্রেডিং গ্রুপগুলোর বিলিয়ন ডলারের লোকসান

Bonik Barta

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পণ্য কেনাবেচাকারী বা কমোডিটি ট্রেডিং গ্রুপগুলো বড় ধরনের আর্থিক ধাক্কার সম্মুখীন হয়েছে। ছয় সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব প্রতিষ্ঠানকে শতকোটি বা বিলিয়ন ডলার লোকসান গুনতে হয়েছে বলে জানিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যান। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। সাধারণত দেখা যায়, বিশ্বে কোনো বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরি হলে অস্থিতিশীল বাজার থেকে এসব ট্রেডিং হাউজ বড় অংকের মুনাফা তুলে নেয়। কিন্তু এবারের চিত্রটি ছিল ভিন্ন। যুদ্ধ শুরু হওয়ার পর পারস্য উপসাগরে শতাধিক জ্বালানি তেলের ট্যাংকার আটকা পড়ে যায়। তেল সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ লাফিয়ে বাড়ে, যা অনেক ব্যবসায়ীর প্রত্যাশার বাইরে ছিল।

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে

The Financial Express

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৪ হাজার ৬৪৫ দশমিক শূণ্য ৪ মিলিয়ন বা ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩৪ হাজার ৬৪৫ দশমিক শূণ্য ৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৫২ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।এর আগে ৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৪৭৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৮৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।

মার্চের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়ে ২৩ এপ্রিল করল এনবিআর

The Financial Express

মার্চ মাসের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন অনলাইনে জমা দেওয়ার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আইন অনুযায়ী, প্রতি মাসের ভ্যাট তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করার কথা থাকলেও, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এ সময়সীমা বাড়িয়েছে। আদেশে জানানো হয়, পহেলা বৈশাখের ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের আপগ্রেডেশনের ফলে সৃষ্ট সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত দুই মাসেও একইভাবে সময় বাড়ানো হয়েছিল। রোজার ঈদের দীর্ঘ ছুটির কারণে ফেব্রুয়ারি মাসের রিটার্ন জমার শেষ সময় ২৯ মার্চ নির্ধারণ করা হয়। এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়ও এক সপ্তাহ বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়েছিল।

দৈনিক সুদহার জানাতে নতুন সূচক প্রকাশ কেন্দ্রীয় ব্যাংকের

The Financial Express

বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতে চলমান সুদহারের একটি মানদণ্ড দিতে প্রথমবারের মতো ‘লেনদেনভিত্তিক রেফারেন্স রেট’ প্রকাশ করেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত তথ্যে দেখা যায়, এক দিনের জন্য বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর) নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর) ১০ দশমিক শূণ্য ৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের দিনের আন্তঃব্যাংক লেনদেনের গড় সুদহার বিশ্লেষণ করে প্রতিদিন এই দুটি সূচক প্রকাশ করা হবে। বিওএফআর নির্ধারণে ৩২টি লেনদেনে ৩ হাজার ৪২৩ কোটি টাকার ঋণের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। একইভাবে এক সপ্তাহ মেয়াদে বিওএফআর দাঁড়িয়েছে ১০ দশমিক ৬২ শতাংশ, যা ২০টি লেনদেনে ১০ হাজার ৫৪ কোটি টাকার ঋণের গড় সুদহারের ভিত্তিতে নির্ধারিত। অন্যদিকে, ৪৫টি লেনদেনে ২ হাজার ২৩৬ কোটি টাকার ঋণ তথ্য পর্যালোচনা করে এক দিনের ডিওএমএমআর নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক শূণ্য ৯ শতাংশ। এক সপ্তাহের জন্য এই হার ১০ দশমিক ১৪ শতাংশ, এক মাসের জন্য ১০ দশমিক ৭৮ শতাংশ এবং তিন মাসের জন্য ১০ দশমিক ৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধাক্কা: দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ০৩ শতাংশ

The Financial Express

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে নেমে আসায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে শ্লথ হয়ে পড়েছে। সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অর্জিত এই প্রবৃদ্ধি আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ের ৩.৫৩ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কম।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অর্জিত সংশোধিত ৪.৯৬ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার লক্ষণীয়ভাবে কমেছে। বিবিএসের সর্বশেষ সারসংক্ষেপ অনুযায়ী, মূলত শিল্প খাতের পারফরম্যান্সে তীব্র সংকোচনের কারণেই প্রবৃদ্ধির এই ধীরগতি দেখা দিয়েছে। বিবিএসের প্রতিবেদনে অর্থনীতির তিনটি প্রধান খাতের পারফরম্যান্সের মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে ধীরগতির কারণে শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।