01-Apr-2025

Wednesday 02 April 2025

03-Apr-2025

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তায় বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রমে বাড়ছে আপৎকালীন বিনিয়োগ খাত স্বর্ণের চাহিদা। এরই মধ্যে বেশ কয়েকবার মূল্যবান ধাতুটির বাজার রেকর্ড সর্বোচ্চ অবস্থান অতিক্রম করেছে। গতকালও তা অব্যাহত ছিল। মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ১৩৫ ডলার ৩২ সেন্টে। এদিন বেচাকেনার শুরুতে এটি আউন্সপ্রতি রেকর্ড ৩ হাজার ১৪৮ ডলার ৮৮ সেন্টে পৌঁছেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ১৬৪ ডলার ৫০ সেন্টে স্থির হয়েছে।

ভূমিকম্পের আতঙ্কে ব্যাংককে কনডোমিনিয়াম বিক্রি হ্রাসের আশঙ্কা

Bonik Barta

মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গত ২৮ মার্চ। এর প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। নিখোঁজ হয়েছেন আরো অনেকে। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটিতে ক্ষতির মুখে ৪৫ হাজার কোটি বাথ (সর্বশেষ বিনিময় হার অনুযায়ী ১ ডলারে ৩৪ দশমিক ১৪ বাথ) মূল্যের কনডোমিনিয়াম মার্কেট। ক্রয় আপতত স্থগিত রেখেছেন ক্রেতারা। ব্যাংককের বেশির ভাগ ভবন ভূমিকম্প প্রতিরোধী হলেও কাঠামোগত দৃঢ়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, আগামী দুই মাস বহুতল কনডোমিনিয়াম আবাসন বিক্রির গতি কমে যেতে পারে। রিয়েল এস্টেট কনসাল্ট্যান্সি ফার্ম কোলিয়ার্স ইন্টারন্যাশনাল থাইল্যান্ডের ডিরেক্টর অব রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন ফাত্তারাচাই তাউইওং বলেন, ‘বর্তমানে বাজারে অনেক অবিক্রীত কনডোমিনিয়াম আছে। এবারের ভূমিকম্প নেতিবাচক প্রভাব ফেলায় এখন তা আরো চ্যালেঞ্জের মুখে পড়বে।’

উইং সিস্টেম জটিলতায় ৭৩৭ ম্যাক্সের উৎপাদন কমিয়েছে বোয়িং

Bonik Barta

উইং সিস্টেম ইনস্টলেশনে বিলম্বের কারণে ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের উৎপাদন কমিয়েছে বোয়িং। মাসিক উৎপাদন ৩৮ থেকে কমিয়ে আনা হয়েছে ৩১ ইউনিটে। দি এয়ার কারেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে সাময়িকভাবে ৩৮ ইউনিট উৎপাদনের লক্ষ্যে পৌঁছলেও অসম্পূর্ণ উইং অ্যাসেম্বল সমস্যার কারণে পিছিয়ে পড়ে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। মার্চজুড়েও সমস্যা অব্যাহত থাকায় উৎপাদনের প্রাথমিক ধাপগুলোতে ধীরগতি আনা হয়েছে। বোয়িংয়ের প্রধান গ্রাহক রায়ানএয়ারের সিইও মাইকেল ও’লিয়ারি জানান, বোয়িং আশা করছে যে এপ্রিলের শেষ নাগাদ আবারো ৩৮ ইউনিট মাসিক উৎপাদন হার অর্জন করা সম্ভব হবে।